স্মৃতি সুখের বা দুঃখের যাই হোক না কেনো, তা শুধু মানুষকে বেদনাই দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে বয়সে আমরা ‘If i were a child again’ বাক্যটি পড়তাম সেই বয়সে আমরা কেউই এই বাক্যের যথার্থ বুঝতে পারতাম না। তখন মনে করতাম বড় হলেই অনেক স্বাধীনতা। কোনো কাজের জন্য কারও বকুনি শুনতে হবে না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া , যখন যে দিকে যেতে বা যা করতে মন চায় সবই করা যাবে। কিন্তু এখন বুঝলাম বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। মানুষ বা সময়গুলো চাইলেও তো ফিরে পাওয়া সম্ভব না। মানুষের জীবনের দুটো মুহূর্ত কখনোই একই রকম হয় না।

ছোট বেলার ঈদগুলো ছিল অনেক আনন্দের। ঈদ মানেই তখন নতুন জামাকাপড় কেনা, ঈদের দিন সকাল পর্যন্ত তা লুকিয়ে রাখা, আর সেগুলো পড়ে ঈদের দিন ঘুরে বেড়ানো। আব্বুর চাকরির সুবাদে বাংলাদেশের যেই প্রান্তেই থাকা হতো না কেনো ঈদের সময় গ্রামের বাড়ি যাওয়া হতো। বাড়ি যাওয়ার আগের দিন রাতে আনন্দে ঠিকমতো ঘুম হতো না। ঘণ্টা-মিনিট গুনতাম কখন বাড়ি পৌঁছাব। বাড়ি যাচ্ছি তখন মনের মধ্যে যে একটা সুখানুভূতি পেতাম তা জীবনে আর কোনো কিছুতে পেয়েছি কিনা জানা নেই। সাধারণত ইফতারের আগেই বাড়ি পৌঁছে যেতাম। অল্প একটু ইফতার করেই বাড়ির পশ্চিম পাশে খোলা রাস্তায় সব চাচাতো ভাইয়েরা দৌড় দিতাম। আশপাশে সব বাড়ির ছেলেদের কেন্দ্রবিন্দুতে পরিণত হতো তিন রাস্তার মোড়টা। চাঁদ দেখলেই সবার চিৎকার চেঁচামেচিতে বাড়ি গুলো থেকেও মহিলাদের উঁকি দেখা যেতো।

তখন ঈদ হতো শীতকালে। সকাল বেলা গোসল করাটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। ঘুম থেকে উঠে বাড়ির সব ছেলেরা এক সাথে পুকুরে গোসল করতে যেতাম। কেউ ঠান্ডার ভয়ে পানিতে নামতে না চাইলে তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেওয়া, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বাড়ির সবাইকে সালাম করা, নামাজ শেষে সবার সাথে কোলাকুলি করে গ্রাম ঘুরে বেড়ানো , ঈদগাহ মাঠে তো হরেক রকম খেলনার বাহার থেকে ঈদের সালামির টাকা দিয়ে কিছু কেনা ছিলই। তারপর বাড়িতে এসে সবাই মিলে সারা দিন ক্রিকেট খেলতাম। মুরুব্বিদের লাঠি নিয়ে দৌড়ানি আর বকা "আইজ্জা ঈদের দিন হইয্ন্ত তোরা শান্তি দিতি নো (আজকে ঈদের দিন পর্যন্ত তোরা শান্তি দিবি না ) "। আবার সন্ধ্যায় বাড়ির সব ছেলেমেয়ে কারও ঘরে বা উঠানে আড্ডা দেওয়া অথবা পাশের বাগানে লুকোচুরি খেলা। দিনগুলো আসলেই দুর্দান্ত ছিল।

আমি বাড়িতে গেলে আর আসতে চাইতাম না। আমাকে প্রতিবারই উত্তম মধ্যম দিয়ে বাড়ি থেকে নিয়ে আসা হইতো। দাদু মারা যাওয়ার পর বাড়িতে তেমন ঈদ করা হয় নাই। জীবনে কি পেয়েছি আর পাব তা জানি না। তবে এই দিনগুলো আর ফিরে পাব না এটাই জানি।

বেশ কয়েক বছর ঢাকা শহরে ঈদ করা। ঈদ আসলে এখন আর নতুন জামা কাপড় কিনতে ইচ্ছে জাগে না, বা কেনা হয়ও না। এখানে সবাই যার যার মতো। নামাজ শেষে কারও সাথে এখন আর কোলাকুলি করা হয় না। জীবনের আর দশটা দিনের মতো ঈদের দিনটাও কেটে যায় চার দেয়ালের মাঝে স্মৃতি গুলো হাতড়ে বেড়িয়ে। স্মৃতি সুখের বা দুঃখের যাই হোক না কেনো, তা শুধু মানুষকে বেদনাই দিতে পারে।