স্মৃতিকাতর
দিনটা ছিল ধূসর, বিষণ্ন। যেকোনো মুহূর্তেই কেঁদে ফেলবে, এমনই ছিল আকাশের চেহারা। যদিও ক্যালেন্ডারের হিসাবে বর্ষা আসতে আরও মাস খানেক দেরি। অফিসের কাজে একটু ফার্মগেটে যেতে হয়েছিল। কাজ শেষ করে ভাবলাম, প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ১০টা বছর যে স্কুলে কাটালাম, তাকে একবার দেখেই যাই। আমরা তখন পূর্ব রাজাবাজার এলাকায় থাকতাম। বাসা থেকে স্কুলে আসতাম হেঁটে হেঁটে। ইচ্ছা ছিল পুরোনো বাসাটাও দেখে আসার। সময়ের অভাবে হয়ে ওঠেনি। স্কুলের উদ্দেশে যখন পা চালাচ্ছিলাম, থেকে থেকেই অদ্ভুত একটা রোমাঞ্চ হচ্ছিল। যেন ছোটবেলার আমাকে দেখতে পাচ্ছিলাম রাস্তা ধরে হেঁটে যেতে। অনেক কিছুই বদলে গেছে, অনেক কিছুই বদলায়নি। পুরোনো লেন, দোকানপাট, বাড়িঘরগুলো যেন বলতে চাইল আমাকে, ‘এত দিন কোথায় ছিলে?’প্রায় আট বছর পর ফেরা। তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সময়ের হিসাব ভুলে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ। দারোয়ানের প্রশ্ন ‘কারে চান?’ লোকটার দিকে ভালো করে তাকালাম। বেশি নয় বয়স। আমাদের সময় তিনি ছিলেন না। বললাম, ‘আমি একসময় এ স্কুলের ছাত্র ছিলাম।’ কিছুটা হতভম্ব হলেন তিনি। তারপর আন্তরিকভাবে বললেন, ‘আসেন।’পুরোনো স্যারদের বেশির ভাগই নেই। কেউ মারা গেছেন, অবসর নিয়েছেন কেউ। যমের মতো ভয় করতাম শহীদ স্যারকে, বেশ বুড়িয়ে গেছেন এই কয় বছরেই। আমাকে চিনতে পারলেন। পা ছুঁয়ে সালাম করতেই জড়িয়ে ধরলেন বুকে।নতুন ভবন হয়েছে, নতুন রং পড়েছে। এর মাঝেই স্মৃতি হাতড়ে হাতড়ে হাঁটছিলাম। গ্রীষ্মের দারুণ দহন দিনে একমাথা আগুনরাঙা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকত যে কৃষ্ণচূড়াগাছটা, নেই সে। শূন্য মাঠের এক কোণে স্মৃতিচিহ্ন হিসেবে রয়ে গেছে কাটা গুঁড়িটা। পুংকেশর দিয়ে কাটাকাটি খেলার স্মৃতি ভিড় করে এল মনে। দুপুরের খাবার বিরতিতে মধ্যমণি সেই বুড়ো ফুচকাওয়ালাও নেই, বাকিতে খাওয়াতে যাকে কখনো আপত্তি করতে দেখিনি।সব কি হারিয়ে যায়? বোধহয় না। ওই তো...সাদা রঙের গির্জার মাথার ওপর দিয়ে দূরের আকাশ দেখা যাচ্ছে। একটুও বদলায়নি সেই আকাশ। আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। জীবন বহমান। পেছনে ফেলে আসা সময়ে ফিরতে চাইলেই কি ফেরা যায়? ফেরা বোধ হয় ঠিকও নয়।ডিউক জনপূর্ব আহম্মদনগর, মিরপুর, ঢাকা।