তিন বান্ধবী নিরু, শামসুন নাহার, হাসনা হেনা চৌধুরী ও জোবাইদা পরেছেন একই রঙের শাড়ি, চুড়ি, টিপ। তাঁরা একই শহরে থাকেন, কিন্তু ব্যস্ততার কারণে পরস্পরের দেখা মেলাই কঠিন হয়ে পড়েছে। বাংলা উৎসবে এসে তাই চুটিয়ে আড্ডা দিয়েছেন। আড্ডার ভেতর থেকেই তাদের কণ্ঠস্বর শোনা যায়—‘ওই দেখ মারলিন আপা ঠিক আগের মতোই আছে। আপা ফোন নম্বরটা দিয়েন কিন্তু।’ ওদের পাশেই বসেছিলেন সেই মারলিন ক্লারা, সঙ্গে আরও তিন বন্ধু ইদ্রিস আলী, নাসিমা আক্তার, নুরুল আবছার। প্রায় ২০ বছর পর একসঙ্গে মিলিত হয়েছেন তাঁরা। সবাই যেন ভুলে গেছেন নিজেদের বয়সের কথা। তারুণ্যের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত চারজনই। নাসিমা আক্তার বলেন, ‘দেখ আমাকে দেখে কি কেউ বয়স আন্দাজ করতে পারবে?’ তাঁদের কথা যেন থামতেই চায়...না। কিন্তু মঞ্চ থেকে যখন ড. শিরিন আখতার ঘোষণা দেন ‘মাঝখানে রাজকন্যা দুই পাশে দুই দারোয়াইন্যা’ আমি রাজকন্যা ড. শিপ্রা রক্ষিত দস্তিদারকে তাঁর দুই দারোয়াইন্যাকে নিয়ে মঞ্চ আসার অনুরোধ করছি।’ মুহূর্তেই সবাই পিনপতন নীরবতায় অপেক্ষা করতে লাগল ঘটনাটি কি জানতে।তারপর শিপ্রা রক্ষিত দস্তিদার মঞ্চে উঠে অবশ্য ঘটনাটা খোলসা করেন। তিনি তাঁর দুই বন্ধু ড. আবুল কাশেম ও ড. মাহবুবুল হককে নিয়ে একবার স্টুডিওতে গিয়ে ছবি তুলেছিলেন, তাঁর ছবিটি ভালো হলেও দুই বন্ধুর ছবি ততটা ভালো হয়নি, তখন মাহবুবুল হক এই ছড়াটি বানিয়েছিলেন—‘মাঝখানে রাজকন্যা, দুই পাশে দুই দারোয়াইন্যা।’এ রকম আড্ডা, গান, স্মৃতিচারণায় ১৬ মার্চ সারা দিন চট্টগ্রাম কলেজ মিলনায়তনে বাংলা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান বাংলা উৎসবে মেতে ছিলেন চট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার, প্রধান সমন্বয়কারী অভীক ওসমান, সদস্যসচিব সৈয়দ উমর ফারুক ও অধ্যাপক ফাউজুল কবির। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে উৎসবকে মুখরিত করে তোলেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন পর বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা পুরোনো বন্ধুদের দেখা পেয়ে আনন্দে বিহ্বল আর স্মৃতিকাতর হয়ে পড়েন। উৎসবের কর্মসূচিকে ভাগ করা হয় বাংলা সাহিত্যের ধারাবাহিকতায় চর্যাপদ পর্ব, মঙ্গল পর্ব, মাইকেল, রবীন্দ্র-নজরুল পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমি বাংলার গান গাই শিরোনামে। চর্যাপদ পর্বে সভাপতিত্ব করেন শেখর দস্তিদার। এতে স্বাগত বক্তব্য দেন অভীক ওসমান, সদস্য সচিব সৈয়দ উমর ফারুক। ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ফাউজুল কবির ও শোকপ্রস্তাব পাঠ করেন অধ্যাপিকা হামিদা চৌধুরী। সভাপতির বক্তৃতায় শেখর দস্তিদার বলেন, ‘আজ এই উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা এই ক্যাম্পাসে আসলে স্মৃতিকাতর হয়ে পড়েন শিক্ষক ও বন্ধুদের কথা বলে। তাঁদের জন্যই এ আয়োজন’ অভীক ওসমান বলেন, ‘বায়ন্নর ভাষা আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও একাত্তরের স্বাধীনতা আন্দোলনে চট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের ছাত্র-শিক্ষকদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে।’ড. শিরীন আখতার ও ড. মহীবুল আজিজের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, ড. শাসসুল আলম, ড. মো. আবুল কাশেম, ড. মাহবুবুল হক ও ড. শিপ্রা দস্তিদার। দুপুরে মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। শাকিল আহমদ, চৌধুরী শাহজাহান, জিন্নাত পারভীন, সেবা চৌধুরী ও নাছিমা শওকতের উপস্থাপনায় মঙ্গল পর্ব, মাইকেল, রবীন্দ্র ও নজরুল পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমি বাংলার গান গাই ছাড়াও আড্ডা, স্মৃতিচারণ, কবিতাপাঠ ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।