ঝিরি ঝিরি তুষার পড়ছে, সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। চারদিক বরফে ঢাকা, শুধু সাদা আর সাদা। কয়েক মাস হয়ে গেল, এই অ্যাডমন্টন শহরে সবুজ ঘাস দেখি না। ক্রিসমাস ট্রি ছাড়া আর কোনো গাছের পাতা অবশিষ্ট নেই, সব ঝরে গেছে। গাছের ডালে পাতার বদলে সাদা বরফ জমে আছে; দেখে মনে হয় যেন বরফের গাছ। শুধু এই ক্রিসমাস ট্রিগুলোই বছরের বারো মাস একই রকম সবুজ থাকে। বাংলাদেশের মতো এখানে সব সময় পাখির কলকাকলি নেই; নেই কাকের ‘কা-কা’ শব্দ। বেশ একটা নিস্তব্ধতা বিরাজ করে প্রকৃতিতে এই শীতকালটায়। প্রাণী বলতে সদাব্যস্ত ছোট্ট কাঠবিড়ালি আর কিছু খরগোশ। কাঠবিড়ালিগুলো খুব চঞ্চল, লেজটা উঁচু করে ছুটতে থাকে এক গাছ থেকে আরেক গাছে। আর ধবধবে সাদা খরগোশগুলোকে সাদা বরফের মধ্যে আলাদা করে খুঁজে পাওয়া কঠিন। সাধারণত জোড়ায় জোড়ায় থাকে এরা; মানুষের দেখা পেলেই ছুটে পালায়। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং থেকে ‘ক্যামেরন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লাইব্রেরি’ পর্যন্ত হেঁটে যেতে প্রায় আট মিনিট সময় লাগে। মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই আট মিনিট অনেক বেশি সময়। মোটা জিন্সের প্যান্টের নিচে আরেকটা পশমি প্যান্ট, ওপরে কয়েক লেয়ারে পুরু জ্যাকেট, কানটুপি, হাতমোজা, জুতা—এত কিছুর পরও রক্ষা নেই। শরীরটাকে গরম রাখার জন্য শেষ ভরসা টিম হর্টনস -এর ধোঁয়া ওঠা এক কাপ গরম কফি। ( টিম হর্টনস কানাডার অন্যতম জনপ্রিয় কফি শপ)।কফির কাপে চুমুক দিতেই সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে মনে পড়ে যায় কয়েক বছর আগের ঘটনাগুলো। কত দিন আমার প্রিয় বুয়েট ক্যাম্পাসের পলাশি বাজারের চা খাওয়া হয় না। ফুটপাতের পাশের সেই দোকানগুলোয় গিয়ে বলা হয় না—‘মামা! এক কাপ চা দেন তো। দুধ-চিনি বেশি দিয়ে।’ কত দিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা হয় না। আর বলা হয় না, ‘দোস্ত, চল! হোটেল স্টার থেকে কাচ্চি বিরিয়ানি খেয়ে আসি।’ কত দিন রিকশায় চড়ে হুড ফেলে দিয়ে বিশাল আকাশটা দেখা হয়নি। বাঙালি রূপসীর লাজুক চোখের চাহনিতে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আঁকিনি কত দিন। ফুটপাতের টক-ঝাল চটপটি আর ফুচকা খেয়ে সুন্দর বিকেলটা আর কাটানো হয় না। অনেক দিন যাবত্ শ্রাবণের প্রথম বৃষ্টিতে ভিজে বৃষ্টিবিলাস করা হয়নি। ঘরের ছোট্ট জানালা দিয়ে আসা একফালি চাঁদের আলোয় মুগ্ধ রাত আর আসে না। সবুজ ঘাসের ওপর দিয়ে খালিপায়ে আর হেঁটে যাওয়া হয় না। ঈদের সময় প্রতীক্ষার পথ চেয়ে থাকা মায়ের কাছে আর ফেরা হয় না অনেক দিন। মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে তৃপ্ত হয় না এই মন। বিদেশের এই শহরে আরাম আর ভোগ-বিলাসের সব উপকরণ পাওয়ার পরও মশা, মাছি, ট্রাফিক জ্যাম, আর লোডশেডিঙের ঢাকা শহরটাকেই বড্ড আপন মনে হয়। পৃথিবীর অন্যতম উন্নত দেশে থাকার পরও কেন জানি বাংলাদেশের কথাই বারবার মনে পড়ে। আর বলতে ইচ্ছে করে—‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’ মো. জিয়াউর রহমানইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা