স্মৃতিচারণা
আমি তখন মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করি। আমার এক সহকর্মীর নাম হারুন। আমাদের হারুন ভাই। দেখতে গুলটু-গালটু, হাঁটাচলা করার সময় মনে হয় যেন একটা পেটমোটা হাঁস হেলেদুলে চলাফেরা করছে। উনি খুব অল্প বয়সে বা ঠিক বয়সে, কিংবা আমাদের মধ্যে সবার আগে বিয়ে করে দুই মেয়ের বাবা হয়ে গেছেন, যাদের বয়স তখন যথাক্রমে তিন এবং পাঁচ; এবং যে মেয়েরা তাকে কথায় কথায় ধরাশায়ী করে দেয়। তাদের কথাবার্তার দু-একটা নমুনা দিই। একদিন হারুন ভাই তাঁর ছোট মেয়ে অংকিতাকে জিজ্ঞেস করলেন, ‘মা তুমি বড় হয়ে কী করবে?’ ‘বাবা আমি বড় হয়ে তোমাকে কোলে নেব।’ আরেক দিন বড় মেয়ে অরণীকে বাবা-মায়ের খুবই কমন একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, ‘মা, তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে, না তোমার মাকে?’ জবাব ছিল, ‘অংকিতাকে’। পরের দিন হারুন ভাই তাঁর মেয়েদের কূটনৈতিক প্রতিভা নিয়ে অত্যন্ত চিন্তিত দিন পার করেছেন।সেই হারুন ভাইয়ের খাদ্যাভ্যাস দেখলে মনে হতে পারে যে যমদূতকে তাড়া দেওয়ার জন্যই এত আয়োজন করে তিনি অনিয়ম করেন। গরুর মাংস ছাড়া কোনো কিছু তাঁর মুখে রোচে না, খুব বেশি হলে চিকেন ফ্রাইকে উনি কিছুটা ছাড় দিতে পারেন। ভাত, সবজি তাঁর খাদ্যে অরুচি আনে, সাদামাটা যেকোনো কিছু তাঁর দুই চোখের বিষ। দুপুরের খাবার খাওয়ার জন্য তাঁর মতোই খাদ্যরসিকদের সঙ্গে যাওয়ার জন্য ছটফট করতে থাকেন। আমরা ডাকলে বলেন, আমাদের সঙ্গে খেতে বসলে নাকি আমাদের কাছ থেকে ঘাস-পাতার গন্ধ আসে। এ জন্য উনি মানুষের সঙ্গে বসতে চান। একবার আঙুর সেধেছিলাম। খুবই বিরক্ত হয়ে বলেছিলেন, ‘একটু বেসনে ডুবিয়ে তেলে ভেজে আনতে পারলেন না?’ বলেই উনি চোখ বন্ধ করে বেসনে ভাজা আঙুরের স্বাদ অনুভব করতে থাকলেন।আমরাও হাল ছাড়িনি। টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া শুরু করলাম অফিসের হেলথ সেন্টারে, যেখানে আধুনিক সব ধরনের এক্সারসাইজ ইন্সট্রুমেন্টই আছে। সেখানে যাওয়ার পর হারুন ভাই বললেন, ‘আমি অ্যাবস কিংয়ে এক্সারসাইজ করব।’ যে যার মতো এক্সারসাইজ করে এসে দেখি উনি সটান হয়ে অ্যাবস কিংয়ের পাটাতনে তাঁর বিশাল ভুঁড়িটাকে পেটের পাশে নিয়ে তার ওপর হাত তুলে আরাম করে ঘুমাচ্ছেন।আমরা সহকর্মীরাই যদি এমন করি, তো উনার স্ত্রী কী করতে পারেন, বোঝাই যায়। তিনি কঠিন আইন জারি করলেন, এখন থেকে ভাত-মাংস কিছুই খেতে দেবেন না। শুধু রুটি, সবজি, মুরগি আর মাছ। হারুন ভাই মোটামুটি দেবদাস হয়ে গেলেন। কারণ অফিসে তাও উনি যা হোক একটা ব্যবস্থা করতে পারেন; রনিকে লোভ দেখিয়ে, ধমকে-ধামকে নিজের রুটি খাইয়ে নিজে প্রতিদিন ওমরের সঙ্গে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই বা গরুর মাংস ভুনা দিয়ে খেতেন। কিন্তু রাতের তো কোনো বিকল্প ব্যবস্থা করা যায় না। রাতে তো বাসার সবার সঙ্গেই খেতে হতো, একই টেবিলে, একসঙ্গে। সেখানে উনি ছিলেন অপারগ।কথায় আছে ‘চোরের দশ দিন, আর গেরস্থের এক দিন।’ একদিন অফিস থেকে ফেরার পর লাঞ্চবক্সে খাবার দেখে ভাবি জিজ্ঞেস করলেন, ‘আজকে লাঞ্চ করেননি?’হারুন ভাই—: হ্যাঁ, করেছি তো!ভাবী—: লাঞ্চবক্সে তো সব খাবারই রয়ে গেছে। কী খেলেন?হারুন ভাই—: কেন? রনি খায়নি?ভাবি—: মানে কি? আমি কি রোজ সকালে উঠে কষ্ট করে রনির জন্য রুটি বানিয়ে দিই ইত্যাদি ইত্যাদি।এদিকে জবাব দিয়েই হারুন ভাই তাঁর আসন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন আর মনে মনে রনির মাথা চিবাতে থাকেন।পরের দিন রনির ওপর দিয়ে যা গিয়েছিল, তা হারুন ভাইয়ের নিজের তুলনায় অতি তুচ্ছ! রুমকি ফারহানা