স্মৃতিচারণায় অপারেশন জ্যাকপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালীন নৌ–কমান্ডো এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম বলেন, মুক্তিযুদ্ধের সময় নৌ–কমান্ডো দলের লক্ষ্য ছিল নদীপথ, সমুদ্রপথ ও বন্দর ধ্বংস করে দেওয়া। সেই লক্ষ্যে পরিচালিত অপারেশন জ্যাকপট ছিল সবচেয়ে সফল অভিযান।
গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানে অপারেশন জ্যাকপটের স্মৃতিচারণা করেন এ ডব্লিউ চৌধুরী।
১৯৭১ সালের ১৫ আগস্ট দেশের বেশ কয়েকটি নদী ও সমুদ্রবন্দরে একযোগে অভিযান চালিয়েছিলেন নৌ–কমান্ডো নামে পরিচিত মুক্তিযোদ্ধারা। পটভূমিসহ সবিস্তারে সেই অভিযানের বিবরণ দিতে গিয়ে এ ডব্লিউ চৌধুরী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের সাবমেরিন পি এন এস ম্যাংরো ফ্রান্সের একটি বন্দরে নোঙর করে। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার কথা জানতে পেরে জাহাজটির বাঙালি নাবিকদের সঙ্গে পালিয়ে তিনি ভারতের দিল্লি চলে আসেন।
ভারতে তিন মাস প্রশিক্ষণ শেষে ছোট হরিণা সীমান্ত দিয়ে পার্বত্য চট্টগ্রামে ঢোকেন এ ডব্লিউ চৌধুরী। এরপর ঠিক হয় পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন পরিচালিত হবে অপারেশন জ্যাকপট।
স্মৃতিচারণা করতে গিয়ে এ ডব্লিউ চৌধুরী বলেন, ‘১৫ আগস্ট রাত ১২টায় আমাদের অভিযান শুরু হয়। আমরা ৪০ জন কমান্ডো বিস্ফোরক, স্টেনগান, গ্রেনেড ও ডেটোনেটর নিয়ে অপারেশনে যাই। চট্টগ্রাম বন্দরের ১১টি জেটি ও তিনটি জাহাজে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ডেটনেটর ও মাইন স্থাপন করি। পরে রেডিওর খবরে শুনতে পাই চট্টগ্রাম বন্দরে সবগুলো জেটি ধ্বংস হয়ে গেছে এবং নয়টি ছোট-বড় জাহাজ ডুবে গেছে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন কামরুল হাসান। স্বাগত বক্তব্য দেন ফারুক ই আজম বীর প্রতীক।
স্মৃতিচারণা শেষে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন। এরপর দেশের গান গেয়ে শোনান রক্তকরবীর শিল্পীরা।