জামালখানের লিচুবাগানের লিচুগাছ এখন আর নেই। বদলে গেছে এলাকার পথ-ঘাট, বাড়িঘর। তবে বহু ইতিহাসের সাক্ষী লিচুবাগানের কুয়া এখনো টিকে আছে। ১০০ বছরেরও বেশি বয়সী টালির ছাউনি দেওয়া শানবাঁধানো এই কুয়ায় কিছুকাল আগেও পানি ছিল। কুয়াতলায় পানির কলসি নিয়ে লাইন দিত এলাকাবাসী। কিন্তু সেসব এখন অতীতের ছবি। শুকনো, মৃত কুয়াটি এখন নগরের স্মৃতিচিহ্ন হিসেবে টিকে আছে।ছায়াঘেরা লিচুবাগানের কুয়া এখন তরুণদের প্রিয় আড্ডাস্থল। বিকেল থেকে রাত অবধি চলে আড্ডা। কুয়াতলার পেছনে দুটি চায়ের দোকানও জমজমাট থাকে এই সময়। পানি নেই তাতে কী, তারুণ্যের উচ্ছ্বাস এখনো বাঁচিয়ে রেখেছে এই কুয়াকে।কুয়াতলার পেছনেই আবদুল ওয়াহিদের বাড়ি। ওয়াহিদের পরিবার এক শতাব্দীর বেশি সময় ধরে লিচুবাগানে বসবাস করছে। কুয়াতলার কিছু জায়গা তাঁদের বসতভিটার অংশ ছিল। এই কুয়া গড়ে ওঠার ইতিহাস জানতে চাইলে তিনি বলেন, ‘১৮৬৩ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যালটি গঠিত হয়। খানবাহাদুর আবদুস সাত্তার ছিলেন মিউনিসিপ্যালটির প্রথম নির্বাচিত চেয়ারম্যান। তিনি এই কুয়া খনন করেন। আমার দাদার নামও আবদুস সাত্তার। তিনি ছিলেন স্কুল ইন্সপেক্টর। তাঁর ফুফা নাজির আহমদ চৌধুরীর কাছ থেকে লিচুবাগানের জমিটি তিনি কিনেছিলেন। দাদা কুয়ার জন্য নিজের কিছু জায়গা ছেড়ে দিয়েছিলেন। সেই সময় এই কুয়া ছিল এলাকার একমাত্র সুপেয় পানির উৎস।’ ওয়াহিদের কাছ থেকে জানা যায়, ব্রিটিশ আমলে এই কুয়ার ওপর ঢাকনা দেওয়া থাকত। কুয়া থেকে দুটি নল দিয়ে পানি বের হতো বলে স্থানীয় বাসিন্দারা কুয়ার নাম দিয়েছিলেন দোনালি ঝরনা। খননের পর থেকে এ পর্যন্ত অনেকবার কুয়াটির সংস্কার হয়েছে।কুয়ার পাশে অবস্থিত মুদি দোকানের মালিক আশরাফ মিয়া কুয়ার বর্তমান দশা দেখে হতাশ। তিনি জানান, অপরিকল্পিত নগরায়ণের কারণেই পানির স্তর নেমে গেছে, যার ফলে শুকিয়ে গেছে কুয়াটি।তরুণদের আড্ডাস্থলে কুয়াতলায় নিয়মিত আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুপম। তিনি বলেন, ‘লিচুবাগানের কুয়া আমাদের মিলনস্থল। কুয়াটি সবাই চেনে। ক্লাস শেষে বন্ধুরা এখানে জড়ো হয়। আমি আড্ডা দিতে চলে আসি।’শুকনো এই কুয়ায় অনেকে ময়লা ফেলেন নিয়মিত। ফলে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। কুয়ায় ময়লা ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে সিটি করপোরেশন, এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।