স্মৃতিজাগানিয়া শচীন-সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও জন্য এটি ছিল স্মৃতিজাগানিয়া এক সন্ধ্যা, আর কারও জন্য ছিল সাংস্কৃতিক ঐতিহ্যকে জানার এক উপলক্ষ। শচীন দেববর্মনের সংগীতসন্ধ্যার আয়োজন তাই তরুণ-প্রবীণ সবার কাছেই প্রিয় হয়ে উঠেছিল। উপমহাদেশের কিংবদন্তি শচীন দেববর্মনের ১০৫তম জন্মোৎসব উপলক্ষে লোক উৎসব ও পুরাতনী মেলা পরিষদ চট্টগ্রামে প্রথমবারের মতো গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘শচীন-সন্ধ্যা’র আয়োজন করে।স্মৃতিজাগানিয়া এ সন্ধ্যায় পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক স্বাগত বক্তব্য দিয়ে দর্শকদের গানের ভুবনে আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘শচীন দেববর্মন যেমন বাংলা সংগীতের ধারায় অন্যতম প্রাণপুরুষ, তেমনি গীতিকার হিসেবেও তিনি প্রতিষ্ঠিত। হিন্দি গানেও তিনি তাঁর প্রতিভার অতুলনীয় নিদর্শন রেখে গেছেন। তিনি বাংলা ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে লোকসংগীত সংগ্রহ করেন এবং কিছুটা নিজস্ব ঢঙে সুর করে সেগুলোকে জনপ্রিয় করেছেন।’শচীন দেববর্মনের রচনা, সুর করা ও তাঁর গাওয়া গানের সম্ভার নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে সনজয় রায় পরিবেশন করেন ‘শোনো গো দখিনা হাওয়া’ ও ‘পদ্মার ঢেউ রে’। এরপর ‘কুহু কুহু’, ‘শ্রীমতি যে কাঁদে’সহ একের পর এক ১৬টি গান পরিবেশন করেন তিনি। এর মধ্যে বেশ কিছু অপ্রচলিত গানও ছিল। শিল্পী শাহরিয়ার খালেদ বাংলা, হিন্দি ও মালয়ালম ভাষায় শচীন দেববর্মনের গান পরিবেশন করেন। ১৯৫৮ সালে নির্মিত সোল বাসাল চলচ্চিত্রের গান ‘হ্যায় আপনা দিল’, ‘দেখিয়ে দেখিয়ে’, ট্যাক্সি ড্রাইভার চলচ্চিত্রের ‘যায়ে তো যায়ে কাঁহা’, বন্দিনী চলচ্চিত্রের ‘ও জানেওয়ালা’, গাইড চলচ্চিত্রের ‘তেরে মেরে সপেন’সহ ১৬টি গান পরিবেশন করেন। মালয়ালম ভাষায় পরিবেশন করেন ‘দূরে দূরে দূরে ঠায়’ গানটি। শিল্পী সুতপা চৌধুরী পরিবেশন করেন ১৯৫১ সালে নির্মিত নওজোয়ান চলচ্চিত্রের ‘ঠান্ডি হাওয়ায়েঁ’, ‘তুম না জানে কিস্ নে হামে’, ১৯৬২ সালে নির্মিত ড. বিদ্যা চলচ্চিত্রের ‘জানি তুম তো ডোলে’সহ বেশ কিছু গান। এ ছাড়া শিল্পী শাহরিয়ার খালেদ ও সুতপা বড়ুয়া দুটি দ্বৈতসংগীত পরিবেশন করেন। শিল্পীদের একের পর এক পরিবেশনায় সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতারা বুঁদ হয়ে ছিলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল পুরো অনুষ্ঠানই উপভোগ করেন। তিনি বলেন, ‘ছিমছাম-পরিচ্ছন্ন আয়োজন। শচীনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এ আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক রুচিবোধের পরিচয় মেলে। সনজয় রায়ের গান আমার এমনিতেই ভালো লাগে। তিনি বেশ কিছু অপ্রচলিত গান শোনাতে চেয়েছেন। এটা আরেকটু বেশি শুনতে পেলে ভালো লাগত। সুতপা বড়ুয়াও আন্তরিকতার সঙ্গেই গেয়েছেন। তবে অনুষ্ঠানে হিন্দি গানের আধিক্য বেশি ছিল।’ আবার কয়েকজন দর্শক শিল্পীদের গানে শচীনের নিজস্ব গায়কির ঢং খুঁজে পাননি বলে মন্তব্য করেন।কিংবদন্তি শচীন দেববর্মনের গান নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ অনুষ্ঠানের আয়োজন বলে মন্তব্য করেন শিল্পী শাহরিয়ার খালেদ। তিনি আরও বলেন, ‘অনুষ্ঠান শেষে একজন দর্শক উচ্ছ্বসিত হয়ে আমাকে বললেন, “ও জানেওয়ালি গানটি ৪৪ বছর পর শুনেছি।” মানুষকে নতুন করে শচীনের কাছে পৌঁছে দিতে পেরেছি—এখানেই আমাদের সার্থকতা।’তবলায় ছিলেন সাখাওয়াত হোসেন, কি-বোর্ডে শহীদুল্লাহ কায়সার, লিড গিটারে মো. শাহনেওয়াজ, বেহালায় শ্যামল রায় এবং পারকিউশনে ছিলেন বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিলি চৌধুরী।শচীন দেববর্মন-সৃষ্ট বাংলা ও হিন্দি গান পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ, সনজয় রায় ও সুতপা চৌধুরী।