স্মৃতিতে অক্ষয় বঙ্গবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। ব্যক্তিগত যোগাযোগের সুবাদে তাঁর সঙ্গে চট্টগ্রামের অনেক বিশিষ্ট ব্যক্তির রয়েছে কিছু বিশেষ স্মৃতি। এর মধ্য থেকে চারজন স্মৃতিকথা জানিয়েছেন মুহাম্মদ শামসুল হককেকর্মীদের সব খবরই রাখতেন তিনিএম এ ওয়াহাব১৯৫৫ সালে বাড়িতে স্নাতক (বিএ) পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় এক দিন হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নের মো. ইদ্রিস সওদাগর ও মাদার্শার মাওলানা আবু তাহেরকে বাড়িতে পাঠিয়ে আমাকে শহরের আদালত ভবনে নিয়ে যান এম এ আজিজ ও জহুর আহমদ চৌধুরী। তাঁরা আমাকে ফজলুল কাদের (ফকা) চৌধুরীর বিরুদ্ধে জেলা বোর্ডের সদস্যপদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্রে সই করতে বলেন। আমি ইতস্তত করলে আজিজ ভাই এসে বললেন, ‘শেখ সাহেবের নির্দেশ, আপনাকে নির্বাচন করতে হবে।’ অনিচ্ছা সত্ত্বেও সই করি। সন্ধ্যায় আমাকে নেওয়া হয় রিয়াজউদ্দিন বাজারের হোটেল মিসকায় বঙ্গবন্ধুর কাছে। আমি তাঁকে বললাম, ‘আমার সামনে বিএ পরীক্ষা, প্রস্তুতি নিতে হচ্ছে। তা ছাড়া ফজলুল কাদের চৌধুরী এখনো জেলা পরিষদের চেয়ারম্যান। কাজেই এ নির্বাচন করা আমার পক্ষে সম্ভব হবে না।’ বঙ্গবন্ধু কাছে ডেকে স্নেহের সুরে বললেন, ‘সবাই যখন চাচ্ছেন, আপনি নির্বাচন করুন। কোনো সমস্যা হবে না।’ আমার বাবা তখন আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে। তাঁর হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে। বঙ্গবন্ধুকে বললাম, ‘আমি বাবার অনুমতি পেলেই মাঠে নামব।’ নির্বাচনে অবশ্য আমিই জিতেছিলাম। বাকশাল কেন্দ্রীয় কমিটি ঘোষণার পরদিন আমি গ্রামের আলুখেতে কাজ করছিলাম শ্রমিকদের সঙ্গে। পরিচিত এক মুক্তিযোদ্ধা সেখানে এসে পত্রিকার পাতা খুলে দেখান, আমাকে বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। কয়েকদিন পর আমি ঢাকায় বঙ্গবন্ধুর কাছে গেলে প্রথমেই তিনি জিজ্ঞেস করেন ‘আপনার আলুচাষ কেমন হয়েছে?’ এ খবর কীভাবে পেলেন জানতে চাইলে বঙ্গবন্ধুর উত্তর ছিল, ‘আমার কর্মীদের খবর আমি না জানলে নেতা হব কীভাবে?’তাঁর সঙ্গে নানা স্মৃতি ছায়ার মতো ভেসে বেড়ায়ওবায়দুল হকবায়ান্নের ভাষা আন্দোলনের পরের কথা। লালদীঘির মাঠে এক সমাবেশে আসেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, মিয়া ভাই (শেখ মুজিবুর রহমানকে সবাই তখন মিয়া ভাই ডাকতেন) মাওলানা আবদুর রশিদ তর্কবাগিশ, আতাউর রহমান খান প্রমুখ কেন্দ্রীয় নেতা। সেখানে আমার গণসংগীত ও বক্তৃতা শুনে ভাসানী ও মিয়া ভাই আমাকে ঢাকা নিয়ে যাওয়ার আগ্রহের কথা জানান এম এ আজিজ ও জহুর আহমদ চৌধুরীকে। সেই রাতেই আমি নেতাদের সঙ্গে ঢাকা গিয়ে মিয়া ভাইয়ের বাসায় উঠি। ভাসানী-মুজিবের সঙ্গে জেলায় জেলায় জনসভায় গণসংগীত গাওয়া ছিল আমার প্রধান কাজ। বক্তৃতাও করতাম অনেক সময়। মিয়া ভাইয়ের সঙ্গে থেকে ঢাকার রাজপথে, ঘোড়ার গাড়ি ও রিকশায় চড়ে মাইকে জনসভার প্রচার-প্রচারণা, পোস্টার লাগানোর কাজও করেছি। ঢাকার আদালত ভবনের পশ্চিম দিকের একটি তিনতলা ভবনের নিচতলায় তাঁর ভাড়া করা একটি বাসায় আমি থাকতাম তাঁর সঙ্গে। থাকতেন তৎকালীন দপ্তর সম্পাদক নুরুল ইসলামও। আমাদের খাবার তৈরির জন্য বাবুর্চিও রেখেছিলেন শেখ সাহেব। নেতা-কর্মীদের আগমনে ঘরটি প্রায় মুখর থাকত। ১৯৫৪ সালের কথা। পল্টনের জনসভায় আসবেন শহীদ সোহরাওয়ার্দী এবং পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগ নেতা লুন্দখোর। বিশাল মঞ্চের বিপুল খরচ মেটানো, মাইক ও গাড়ির ব্যবস্থা করা সবই মিয়া ভাইয়ের কাঁধে। সে সময় কাছে থেকে দেখেছি, তিনি কীভাবে না খেয়ে কাজের পেছনে দৌড়াদৌড়ি করতেন। কর্মীরা খেয়েছেন কি না জেনে তারপর তিনি খেতেন। বলতেন কর্মীরাই আসল শক্তি। তাঁদের সুখ-দুঃখের সাথি হয়ে থাকতে হয়। ১৯৭৫ সালে বাকশাল গঠনের পর চট্টগ্রামের কিছু সাংবাদিকও অধ্যাপক মোহাম্মদ খালেদের নেতৃত্বে বাকশালে যোগ দিতে যান গণভবনে। আমিও ছিলাম সে দলে। তিনি সবার সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময়ের সময় আমাকে দেখে আমার গালে টোকা দিয়ে হেসে বললেন, ‘আজাদীতে খালেদের সঙ্গে ভালোই আছো।’ আপ্যায়ন শেষে বিদায়ের সময় তিনি ডান হাত বাড়িয়ে আমার মাথা টেনে তাঁর মুখের সঙ্গে ঠেকিয়ে ছোট করে বললেন, ‘যেকোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে চলে আসবা।’ সেখানে বেশ কয়েকজন মন্ত্রী, জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাইরে আসার পর অনেকে আশ্চর্য হয়ে আমার কাছে জানতে চান, ‘বঙ্গবন্ধুর সঙ্গে তোমার এত গভীর সম্পর্ক হলো কীভাবে?’ একসঙ্গে এক ঘরে থাকা-খাওয়া ও সাংগঠনিক কাজের সহযোগী হিসেবে তাঁর সঙ্গে নানা স্মৃতি এখনো ছায়ার মতো ভেসে বেড়ায়। মিয়া ভাই পরবর্তীকালে পর্যায়ক্রমে মুজিব ভাই, বঙ্গবন্ধু এবং জাতির জনক হিসেবে প্রতিষ্ঠিত। আমাকে কাছে ডেকে বললেন, ‘হ্যাঁ-রে তুমি পারবা’মিয়া আবু মোহাম্মদ ফারুকীবঙ্গবন্ধুকে আমি প্রথম দেখি সম্ভবত ১৯৫৪ সালে চট্টগ্রাম শহরের সার্সন সড়কের মোড়ের ইস্পাহানি ভবনে। গিয়েছিলাম হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দেখতে। তিনি অতিথি কক্ষে খাটে চাদর মুড়িয়ে ঘুমাচ্ছিলেন। দীর্ঘদেহের সুদর্শন এক যুবক একদিকে দাঁড়িয়ে। আমি খাটের এক পাশে বসতে চাইলে ওই যুবক আমাকে ইশারায় বললেন উঠে যেতে। ভাবলাম এই লোক কেন আমাকে উঠে যেতে বলছেন, বসলে ক্ষতি কী? একটু পরে সোহরাওয়ার্দী সাহেব জেগে উঠেই কোটের পকেট হাতড়ে মুচকি হেসে বলে উঠলেন, ‘কী মুজিব, পকেট থেকে টাকা নিল কে? তুমি ছাড়া আর তো কারও সাহস নেই।’ আমি চমকে উঠলাম। মুজিব হাসতে হাসতে বললেন, ‘টাকা তো বেশি ছিল না।’ সোহরাওয়ার্দী কিছু টাকা রেখে বাকিটা ফেরত দিতে বললে মুজিব তাই করলেন। পরবর্তীকালে ১৯৬৫ সালে এম এ আজিজ ঢাকায় বঙ্গবন্ধুর বাসায় নিয়ে আমাকে পরিচয় করিয়ে দেন জেলা আওয়ামী লীগের দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে। তবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা হয় ১৯৬৯ সালের ফেব্রুয়ারি কিংবা মার্চের প্রথম দিকে। আগরতলা মামলা থেকে মুক্তির পর তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ফেনীতে। আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা এসেছিলেন সমাবেশে। চট্টগ্রাম থেকে এম এ আজিজ, এম এ হান্নান ও এম আর সিদ্দিকীর সঙ্গে গিয়েছিলাম আমিও। পূর্বসিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলা থেকে আসা সভাপতি ও সম্পাদকেরা পাঁচ মিনিট করে বক্তৃতা দেওয়ার কথা সমাবেশে। এম এ আজিজ বললেন, ‘চট্টগ্রাম থেকে ও (আমি) বক্তৃতা করবে।’ বঙ্গবন্ধু বললেন, ‘এত বড় মিটিং, ও ভালো বলতে পারবে তো?’ আজিজ ভাই বললেন, ‘ও পারবে।’ সেদিন সমাবেশে আমার বক্তৃতা শুনে জনতার হাততালি দেখে বঙ্গবন্ধু মুগ্ধ হন। এরপর ফেনী থেকে তিনি আমাকে নিয়ে যান নোয়াখালী চৌমুহনীর সমাবেশে। সেখানেও আমার বক্তব্য শুনে তিনি খুশি হন। কাছে ডেকে বললেন, ‘হ্যাঁ-রে তুমি পারবা।’ ফেনী থেকে আজিজ ভাই ও অন্যরা চট্টগ্রাম চলে এলেও বঙ্গবন্ধু সে রাতেই আমাকে তাঁর সঙ্গে ঢাকা নিয়ে যান। পরদিন সকালে এক ব্যক্তির সঙ্গে আমাকে নিউমার্কেটে পাঠিয়ে লুঙ্গি, গেঞ্জি ও পায়জামা-পাঞ্জাবি কিনে দেন। ওই দিন আমাকে বাসায় রেখে দিয়ে পরদিন ট্রেনের টিকিট আনিয়ে চট্টগ্রাম ফেরার ব্যবস্থা করেন।বঙ্গবন্ধু আদর করে আমার চিবুক টেনে ধরেছিলেনশায়েস্তা খানরাজনীতিতে যুক্ত থাকার সুবাদে বঙ্গবন্ধুর মতো মহান নেতার সান্নিধ্যে আসা এবং তাঁকে ঘিরে দু-একটি স্মৃতি মনে পড়ে। শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর তিনি আওয়ামী লীগ পুনর্গঠন অভিযানের অংশ হিসেবে ১৯৬৩ সালে আসেন জেএম সেন হলের কর্মিসম্মেলনে। রাতে তাঁর সম্মানে ১৪-১৫ জনের খাবারের আয়োজন করেন প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল হারুন চৌধুরী তাঁর দেওয়ান বাজারের বাসায়। আমার জানা মতে, সেখানে ছাত্রনেতাদের মধ্যে দাওয়াত পেয়েছিলাম আমি আর এম এ মান্নান। এর কয়েকদিন আগে নগরে একটি হরতাল হয়। দেওয়ানহাট থেকে বিমানবন্দর পর্যন্ত হরতাল সফল করার দায়িত্ব ছিল আমার ওপর। নির্দেশ ছিল বিশেষ করে যাত্রীর অভাবে বিমানযাত্রা ব্যাহত হওয়ার মতো অবস্থা তৈরি করতে হবে।আমি দেওয়ানহাট মোড়ে কয়েকজন কর্মীসহ অবস্থান নিয়ে একটি পুরোনো মার্সিডিস গাড়ি পাঠানটুলীর দিক থেকে মূল সড়কে আসতে দেখে সেটি আটকাই। ওই গাড়িতে তৎকালীন মন্ত্রী ডবলমুরিংয়ের সুলতান আহমদ যাচ্ছিলেন সার্কিট হাউসে। সম্মান জানিয়ে তাঁকে ছেড়ে দিই। সকাল ১০টার দিকে মুসলিম লীগের গুন্ডারা এসে আমাদের তাড়া করে। পরে দুপুরের দিকে আমাদের ছেলেরা শক্তিবৃদ্ধি করে বড় মিছিল নিয়ে এলে মনে পড়ল সকালে তাড়া খাওয়ার কথা। লাঠি নিয়ে মুসলিম লীগের ছেলেদের উল্টো তাড়া করলে তারা মন্ত্রীর বাড়ির ভেতর ঢুকে পড়ে। এতে মেয়েরা দৌড়াদৌড়ি শুরু করলে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। আওয়ামী লীগ নেতা হান্নান (প্রয়াত এম এ হান্নান) ভাই দৌড়ে গিয়ে আমাকে টেনে নিয়ে আসেন সেখান থেকে। রাতে হারুণ সাহেবের বাসায় বঙ্গবন্ধুর কাছে আমার পরিচয় জানিয়ে হান্নান ভাই বললেন, ‘আপনাকে যে বলছিলাম দেওয়ানহাটের ঘটনা, একটা ছেলে সুলতান আহমদের বাড়িতে ঢুকে গিয়েছিল, এই সেই শায়েস্তা খান।’ বঙ্গবন্ধু তখন আদর করে আমার চিবুক (গাল) টেনে ধরেছিলেন। বলেছিলেন ‘হ্যাঁ, চেহারাটা একখান বানাইছস।’ এর আগে ১৯৬২ সালের শেষ দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী চট্টগ্রামে এসে তাঁর শেষ সভা করেন এনডিএফের (সম্মিলিত বিরোধীদলীয় মোর্চা, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট) ব্যানারে। আমরা মুসলিম হলে ছাত্রসমাবেশ ডেকে সেখানে তাঁকে নেওয়ার জন্য ইস্পাহানি মঞ্জিলে গিয়ে অনেক চেষ্টা করেও রাজি করাতে পারছিলাম না। কারণ তিনি ক্লান্ত। বিকেলে জনসভায় বক্তব্য দেবেন। আমাদের আগ্রহ দেখে বঙ্গবন্ধু বললেন, ‘দেখছস না লিডারের অবস্থা! চল আমি যাব।’ আমাদের সঙ্গে মুসলিম হলে এসে দোতলায় উঠে তিনি জনতার উদ্দেশে সোহরাওয়ার্দীর শারীরিক অবস্থার কথা তুলে ধরে বক্তব্য দেন এবং সবাইকে লালদীঘির মাঠে গিয়ে নেতার বক্তব্য শোনার আহ্বান জানান। তাঁর পাশে দাঁড়িয়ে এই প্রথম বক্তব্য শুনি। তাঁর সঙ্গে সিঁড়ি বেয়ে নামার সময়ের একটি ছবি এখনো যত্ন করে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে।