স্মৃতিতে চির ভাস্বর হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ১৯ জুনের কথা। লস অ্যাঞ্জেলেস সময় দুপুর প্রায় সাড়ে বারোটা। এমন সময় আমার লেখক বন্ধু বুলবুল সিনহা ফোন করে আমাকে হুমায়ূন আহমেদের মৃত্যু সংবাদ দিয়েছিলেন। এমন সংবাদ শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।

হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে চিকিত্সাধীন ছিলেন এবং প্রায় ভালো হয়ে বাসায় ফিরে গেছেন—এ সংবাদ আমি অবগত ছিলাম। কয়েকদিন ধরে তাঁর খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। মনে করেছিলাম ভক্তদের উত্পাত থেকে একটু শান্তিতে থাকার জন্য তিনি হয়তো চুপচাপ আছেন। আবার হুমায়ূন আহমেদকে কেউ কেউ জনবিচ্ছিন্ন করে রেখেছেন এমন সংবাদও তখন প্রচারিত হয়েছিল। এটা শুনে কিছুটা রাগান্বিতও হয়েছিলাম মনে মনে। তবে কিছুদিন খবর না পাওয়া যে একেবারে মৃত্যু সংবাদে পরিণত হবে এমনটি ভাবিনি।

২০১১ সালের ১২ জুন লস অ্যাঞ্জেলেসে হুমায়ূন আহমেদের সঙ্গে আমার প্রথম দেখা। সে সময় তিনি নিউইয়র্কে এসেছিলেন চিকিত্সার জন্যে। এক ফাঁকে সস্ত্রীক কয়েকদিনের জন্য লস অ্যাঞ্জেলেসে বেড়াতে আসেন। স্থানীয় বাংলাদেশ কমিউনিটির লোকজন হুমায়ূন আহমেদকে সংবর্ধনা জ্ঞাপন করে। সে সুবাধেই তাঁর সঙ্গে আমার প্রথম দেখা। পরিতাপের বিষয় যে সেটাই প্রথম ও শেষ দেখা।

নাটক, সিনেমা ও বইয়ের মাধ্যমে হুমায়ূন আহমেদ আমার মনের মাঝে একটি আসন দখল করেছিলেন। কিন্তু আমি থাকায় কখনো তাঁকে স্বচক্ষে দেখা হয়নি। স্বপ্নের সেই মানুষকে স্বচক্ষে দেখতে পাবো জেনে আমি বেশ আনন্দিতই ছিলাম। রাত পৌনে নয়টার দিকে তিনি সভাস্থলে এলেন। আমি তাঁকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। সেদিন তাঁর পরনে ছিল একটি সাধারণ প্যান্ট। গায়ে ফতুয়া, চোখে চশমা একজন অতি সাধারণ লোক হুমায়ূন আহমেদ। যিনি তাঁকে চিনবেন না বা আগে থেকে জানবেন না তিনি বিশ্বাস করতে পারবেন না এই লোক ৩২২টি  গ্রন্থের প্রণেতা এবং একটি জাতির সাহিত্য ও সংস্কৃতির জীবন্ত কিংবদন্তি।

হুমায়ূন আহমেদ তাঁর বক্তব্য শুরু করলেন। প্রথমেই বলে নিলেন, তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন বিধায় বক্তৃতা তিনি ভালোই দিতে পারেন। তবে আজ তিনি বক্তৃতা দেবেন না। তাঁর লেখক জীবনের বেশ কয়েকটি অভিজ্ঞতার বর্ণনা দেবেন। ব্যস, তাতেই দর্শক-শ্রোতা বিমুগ্ধ ও মোহিত।

হুমায়ূন আহমেদ শুধু লেখার যাদুকর নন, কথারও যাদুকর। আমি কোথাও কোনো বক্তব্য এত মনোযোগ দিয়ে শুনিনি যতটা সেদিন শুনেছি। হতে পারে যে ব্যক্তি হুমায়ূন আহমেদকে অত্যধিক পছন্দ করতাম। তাই তাঁর বক্তব্য সেদিন আমার কাছে শ্রুতিমধুর মনে হয়েছিল। বক্তব্যের শেষ পর্যায়ে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয় এবং হুমায়ূন আহমেদ তাঁদের হাতে সম্মাননা তুলে দেন। ভাগ্যক্রমে আমার ভাগ্যেও একটি সম্মাননা জুটে যায়। যা আজ কেবলই স্মৃতি।

তপন দেবনাথ

লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র