স্মৃতিতে ২০১৬
বন্ধুসভার সবচেয়ে বড় আয়োজন জাতীয় বন্ধু সমাবেশের মধ্য দিয়ে বছরটি শুরু করেছিলেন সারা দেশের বন্ধুরা। গত বছর ১ ও ২ জানুয়ারি গাজীপুর মৌচাক স্কাউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সমাবেশের রেশ কাটতে না কাটতেই শুরু হয় মহান ভাষার মাস। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে সারা দেশে একুশের শপথ অনুষ্ঠিত হয়। বাংলা ভাষাকে শুদ্ধ করে বলতে ও লিখতে পারার শপথ নিয়েছেন বন্ধুরা।
এ ছাড়া সারা দেশে বেশ কয়েকটি বন্ধুসভা নিজেদের উদ্যোগে বইমেলার আয়োজন করে। বলছি বিদায় নেওয়া ২০১৬ সালের কথা। বছরজুড়ে বন্ধুদের কাছে গুরুত্ব পায় জাতীয় দিবসগুলো। মার্চে সারা দেশে পালিত হয় স্বাধীনতা দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয় বন্ধুমেলার। জুন মাসে প্রকাশিত হয়েছে ‘লেখার স্কুল’ নামে বন্ধুসভার লেখার স্কুলের প্রথম প্রকাশনা। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার বিভিন্ন বন্ধুসভার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয় জুলাই মাসে।
৭ আগস্ট ছিল আন্তর্জাতিক বন্ধু দিবস। ওই দিনের বন্ধুসভার পাতা উৎসর্গ করা হয়েছিল বন্ধুর জন্য প্রাণ দেওয়া ফারাজ আইয়াজ হোসেনের উদ্দেশে। একই মাসে ১৯ আগস্ট সারা দেশে সাহিত্য সম্পাদকদের সহযোগিতায় প্রকাশিত হয়েছে দেয়াল পত্রিকা। ‘রুখে দাও অ্যাসিড-সন্ত্রাস, রুখে দাও নারী নির্যাতন’ শিরোনামে অক্টোবর মাসে ৩০টি বন্ধুসভা মানববন্ধনের আয়োজন করেছে। দেখতে দেখতে চলে আসে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ বছর ১০১টি স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের গুরুত্বপূর্ণ দিক ছিল বন্ধুসভার একটি ভালো কাজ।
ডিসেম্বর মাস বিজয়ের মাস। প্রতিবারের মতো এবারও সারা দেশে বিজয় দিবস উদ্যাপন করেন বন্ধুরা। এ বছর বেশ কয়েকটি স্থানে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসও পালন করা হয়। নতুন বছর আসার আগেই শুরু হয়ে যায় নতুন কমিটি গঠনের কাজ। নতুন কমিটি ও কর্মপরিকল্পনা নিয়ে ব্যস্ততার মাঝেই বিদায় দিতে হয় ঘটনাবহুল ২০১৬-কে।