স্মৃতির ক্যাম্পাসে মিলনের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দ্বীপের আজিমপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ১৪ জানুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়  l ছবি: সংগৃহীত
সন্দ্বীপের আজিমপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ১৪ জানুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয় l ছবি: সংগৃহীত

পড়ালেখার পাঠ চুকিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন সালাউদ্দিন ইউসুফ। স্কুলের বন্ধুদের সঙ্গেও ছিল না যোগাযোগ। প্রায় ১৯ বছর পর সেই স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা। দেখা হতেই দুই হাতের আহ্বানে ইউসুফকে বুকে জড়িয়ে নিলেন ১৯৯৫ ব্যাচের সহপাঠীরা।
ইউসুফের মতো নানা ব্যাচের পুরোনো বন্ধুদের সঙ্গে আনন্দঘন দিন কাটাল সন্দ্বীপ উপজেলার আজিমপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলন উদ্যাপন পরিষদ ১৪ জানুয়ারি এই আনন্দ আয়োজনের সুযোগ করে দেয়।
সকাল থেকে বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে প্রাক্তন শিক্ষার্থীরা। বহুদিন পর বন্ধুর সঙ্গে দেখা হতেই আবেগঘন আলিঙ্গন—কোথায় ছিলি এত দিন? কত দিন পর দেখা। এমন নানা প্রশ্নে-আড্ডায় মুখরিত হয়ে ওঠে স্কুলমাঠ।

অনুষ্ঠানে গান করেন বৃষ্টি মুৎসুদ্দি
অনুষ্ঠানে গান করেন বৃষ্টি মুৎসুদ্দি

দিনভর আনন্দ আয়োজনের শুরু হয়েছিল শোভাযাত্রার মাধ্যমে। ‘শেকড়ের টানে প্রিয় প্রাঙ্গণে’ আহ্বানে স্কুলচত্বর থেকে শুরু হয় শোভাযাত্রা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম শোভাযাত্রা উদ্বোধন করেন। এরপর প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায়সহ শিক্ষকদের নেতৃত্বে শোভাযাত্রা আশপাশের এলাকা ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়।
পুনর্মিলনে হাজির হয়েছিলেন বিদ্যালয়ের চার দশকের নানা ব্যাচের শিক্ষার্থীরা। ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘ফ্রেন্ডস ইউনাইটেড’ ব্যানার নিয়েই হাজির হয়েছিল অনুষ্ঠানে। কখনো ব্যাচভিত্তিক, কখনো বড় ভাইদের সঙ্গে আড্ডায় স্মৃতি খুঁজে ফিরছিলেন শিক্ষার্থীরা।
শোভাযাত্রার পরের পর্ব ছিল আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান, প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আজিজ, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শাহ আলম প্রমুখ। সভাপতিত্ব করেন পুনর্মিলন উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. সামছুল ইসলাম। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন উদ্যাপন পরিষদের সদস্যসচিব আবুল হাশেম ও প্রধান সমন্বয়ক জাবেদুল ইসলাম।
আলোচনা অনুষ্ঠানের পর বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন কিশোরী স্বাস্থ্যবিষয়ক সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী বীর বিক্রম, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া, ব্র্যান্ড মেকার গ্রুপের চেয়ারম্যান নুরুল মোস্তফা প্রমুখ। এ সময় পুনর্মিলন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা সাঁকো-এর মোড়ক উন্মোচন করেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম।
অতিথিদের কথামালার পরই শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। নৃত্যানুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রীরা। শেষ পর্বে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১২ বৃষ্টি মুৎসুদ্দিসহ শিল্পীরা। প্রায় তিন ঘণ্টা শিল্পীর সঙ্গে গলা মিলিয়ে চলতে থাকে শিক্ষার্থীদের আনন্দ–উল্লাস। আঞ্চলিক গানসহ জনপ্রিয় গানে সুর মেলান সবাই।
১৯৭০ সালের ৫ জানুয়ারি এ স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। এ দীর্ঘ সময়ে ভাঙনের মুখে স্কুলের ঠিকানা বদলেছে কয়েকবার। বঙ্গোপসাগরের অদূরে স্কুলের পরিবেশও আগের মতো কোলাহলপূর্ণ নেই। তবুও নতুন-পুরোনো বন্ধুদের কোলাহলে যেন ফিরে এল বিদ্যালয়ের সোনালি দিনের স্মৃতি। এমন আয়োজন পুরোনো বন্ধুদের সঙ্গে বন্ধনটা আরও শক্ত করেছে—এমনই মন্তব্য ১৯৯২ ব্যাচের ছাত্র এস এ এম জামাল উদ্দীনের।