স্মৃতির পাতায় শ্যামল মিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামল মিত্র। পঞ্চাশ ও ষাটের দশকে পশ্চিম বাংলার অন্যতম জনপ্রিয় গায়কের নাম। তাঁর গাওয়া ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে’, ‘নাম রেখেছি বনলতা’, ‘চেনা চেনা লাগে’সহ অনেক গান আজও বাঙালি শ্রোতাদের কাছে আদৃত। তাঁর সুর করা গান ব্যবহূত হয়েছে বাংলা চলচ্চিত্র অমানুষ-এ।গত শুক্রবার সন্ধ্যায় এই গুণী শিল্পীর স্মরণে ‘স্মৃতির পাতায় শ্যামল মিত্র’ শিরোনামে সংগীত আসর হয়ে গেল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। আনন্দ সাংস্কৃতিক অঙ্গন আয়োজিত এই সংগীতসন্ধ্যায় শ্যামল মিত্রের গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী নাজমুল আবেদিন চৌধুরী। অনুষ্ঠানে গানের পাশাপাশি চলে স্মৃতিচারণা। আমন্ত্রিত শিল্পী নাজমুল আবেদিনের হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় তুলে দেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া।হাসিনা জাকারিয়া বলেন, ‘শ্যামল মিত্র বাংলা সংগীতজগতের এক অবিস্মরণীয় নাম। যতদিন বাঙালির মাঝে সংগীত বেঁচে থাকবে, তত দিন শ্যামল মিত্র বেঁচে থাকবেন।’ শিল্পী নাজমুল আবেদিন সম্পর্কে তিনি বলেন, ‘নাজমুল আবেদিনের জন্ম হয়েছে একটি সাংস্কৃতিক পরিবারে। সংগীতের প্রতি গভীর মমত্ববোধের কারণেই দেশের বাইরে গিয়ে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করলেও গানের চর্চা থেকে সরে আসেননি এতটুকু।’‘তোমার সমাধি তরে’ গান দিয়ে নাজমুলের পরিবেশনা শুরু হয়। এরপর একে একে গাইলেন ১৬টি গান। ‘সেদিনের সোনাঝরা সন্ধ্যায়’, ‘হয়তো সেদিন আগের মতো আসবে নাকো ফিরে’, ‘নাম রেখেছি বনলতা’ গানগুলো মিলনায়তনের দর্শকদের ফিরিয়ে নিয়ে গেল গত শতকের পঞ্চাশ থেকে ষাটের দশকের হারানো দিনগুলোতে।সংগীতের আসরে তবলায় ছিলেন লিটন মিত্র, কি-বোর্ডে সৃজন রায়, অক্টোপ্যাডে জুয়েল দাশ, গিটারে রাজীব ঘোষ, বেইস গিটারে সজল সরকার, বেহালায় শ্যামল দাশ এবং হারমোনিয়াম বাজান সাইদুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আঁখি মজুমদার। উল্লেখ্য, ১৯২৮ সালের ১৪ জানুয়ারি কলকাতার নইহাটিতে শ্যামল মিত্রের জন্ম হয়। তিনি প্রখ্যাত সুরকার সলিল চৌধুরীর সঙ্গে কাজ করেন এবং সুধীর লাল চক্রবর্তীর কাছে সংগীতের দীক্ষা নেন। ৪৬টি গানে সুর দেন তিনি। ১৯৮৭ সালের ১৫ নভেম্বর শ্যামল মিত্র মারা যান।