স্মৃতির মিনারের প্রথম স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দীর্ঘ ২৪ বছর পর আমাদের কলেজে শহীদ মিনার হলো। মহান একুশে ফেব্রুয়ারি সকালে দলবেঁধে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাই। এটা আমাদের জীবনে মধুর স্মৃতি। স্মৃতিটুকু ধরে রাখার জন্য ছবি তুলে নিয়েছি আমরা।’একুশে ফেব্রুয়ারি দুপুরে ছবি তুলছিলেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। কলেজে প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা জানানো প্রসঙ্গে কথাগুলো বললেন সুপ্রিয়া, রোকসানাসহ অনেকে। একাদশ শ্রেণীর ছাত্রী নিমু চৌধুরী বলেন, ‘আগেও ফুল দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পারিবারিক বাধার কারণে বেরোতে দিতেন না। এখন মহিলা কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার হয়েছে। তাই শ্রদ্ধা জানাতে পেরে আমি খুশি।’ সম্প্রতি ক্যাম্পাসে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার তৈরি করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের। স্নাতক প্রথম বর্ষের ছাত্রী জেবিয়া সুলতানা জানান, ‘শুধু আমি না, অনেকই জীবনে প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলাম।’ সকাল ১০টায় শহীদ মিনার চত্বরে কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ আর শুদ্ধ বানানরীতি অনুসরণ শীর্ষক আলোচনা সভা। কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্রী বিটা শর্মা বলেন, ‘‘অনেকে আকাশসংস্কৃতি অনুসরণ করে বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে ‘বাংরেজি’ কথা বলি। এতে মায়ের ভাষা বাংলা অবহেলিত হচ্ছে।’’ শাহনাজ সুলতানা বলেন, শহরের বিভিন্ন স্থানে লাগানো পরিচিতিফলকেও ভুল বানান ও বাংলার পরিবর্তে ইংরেজি ব্যবহার করা হচ্ছে।