
মিরসরাই উপজেলার তালবাড়িয়া রেলস্টেশন সড়কের পাশের স্মৃতিসৌধটি এখন গোচারণভূমিতে পরিণত হয়েছে। লোহার তৈরি সীমানা বেড়া কে বা কারা খুলে নিয়ে যাওয়ায় স্মৃতিসৌধটি অরক্ষিত হয়ে পড়েছে। সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের আড্ডা বসে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।
মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের সহস্রাধিক ব্যক্তিকে রাজাকাররা হত্যা করেছিল ওই স্থানে। মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১০-২০১১ অর্থবছরে জেলা পরিষদ স্মৃতিসৌধটি নির্মাণ করে। এটি একাত্তরে রাজাকারদের বিভীষিকাময় দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু এটি রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
৪ ডিসেম্বর দুপুরে সরেজমিন দেখা যায়, স্মৃতিসৌধের লোহার তৈরি সীমানা বেড়ার সাতটি কে বা কারা খুলে নিয়ে গেছে। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। প্রবেশপথের দরজাটিও নেই। দৃষ্টিনন্দন পুরো স্মৃতিসৌধটিতে অযত্ন-অবহেলার ছাপ। স্থানীয় বাসিন্দা মো. কামাল উদ্দীন অভিযোগ করেন, সন্ধ্যা হলে এখানে মাদকসেবীদের আড্ডা বসে।
মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ বলেন, ১৯৭১ সালে মিরসরাই রেলস্টেশন সড়কে একটি লোহার সেতু ছিল। সেতুটির নিচে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সহস্রাধিক লোককে রাজাকাররা হত্যা করে। সেই স্মৃতি নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতেই তারবাড়িয়া স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। কিন্তু সংরক্ষণের অভাবে এটি নষ্ট হয়ে যাচ্ছে। স্মৃতিসৌধটি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি। মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার ও মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান জাফর উদ্দীন আহমদ চৌধুরী বলেন, এলাকার লোকজন ছাড়াও বাইরে থেকে অনেককে এখানে এনে হত্যা করা হয়। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেন, সরেজমিন পরিদর্শন করে স্মৃতিসৌধটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। মাদকসেবীদের আড্ডা চলার সময় সংবাদ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।