স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে জটিলতা
নগরসহ চট্টগ্রামের চিহ্নিত বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্থানগুলো সংরক্ষণে স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে জটিলতা দেখা দিচ্ছে। এসব স্থানের এক-তৃতীয়াংশ কোনো না কোনো ব্যক্তির। বাকি স্থানগুলো বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা ও স্কুল-কলেজ কর্তৃপক্ষের মালিকানাধীন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ব্যক্তির মালিকানাধীন অনেক স্মৃতিস্থানের ওপর ইতিমধ্যে দোকান, বাড়িসহ নানা স্থাপনা তৈরি হয়েছে। যেগুলো খালি বা খোলা অবস্থায় আছে সেগুলোর দখল সংশ্লিষ্ট মালিকেরা ছাড়তে চাইছেন না। সংশ্লিষ্ট জায়গা সংরক্ষণ করতে হলে হয় হুকুম দখল করতে হবে নয়তো মালিকদের বুঝিয়ে দখল নিতে হবে। তবে হুকুম দখলের ক্ষেত্রেও মামলার ঝুঁকি রয়েছে। ইতিমধ্যে ফয়’স লেক বধ্যভূমির স্থান নিয়ে আদালতে মামলা হয়েছে। দীর্ঘদিন মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় থাকায় সেখানে প্রস্তাবিত স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যাচ্ছে না। অন্যদিকে সরকারি বিভিন্ন বিভাগের মালিকানাধীন জায়গাগুলোর দখল ছাড়ার ব্যাপারেও নানারকম আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব প্রক্রিয়া শেষ করে স্মৃতিস্তম্ভ করা দীর্ঘ সময়সাপেক্ষ ব্যাপার বলে সংশ্লিষ্টরা মনে করেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক গাজী সালেহউদ্দিন বলেন, ‘আমরা বধ্যভূমি ও যুদ্ধের স্মৃতিস্থানগুলো চিহ্নিত করে গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে সংরক্ষণ বা স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাব করেছি। এসব করতে অবশ্য প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সহায়তা প্রয়োজন হবে। এ ছাড়া আমরা এসব সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে বোঝাবার চেষ্টা করব। তবে বিষয়টি জটিল বলে কাজ করতে যথেষ্ট সময়ের প্রয়োজন হবে।’বিভিন্ন ভূমি কার্যালয় থেকে দাগ খতিয়ান উল্লেখ করে যে তালিকা তৈরি করা হয়েছে তাতে দেখা যায়, পশ্চিম গোমদণ্ডী উপজেলাসংলগ্ন বধ্যভূমিটি ব্যক্তির মালিকানাধীন। জায়গাটির বড় অংশ খালের সঙ্গে মিশে গেছে। আরেকটি বধ্যভূমির মালিক কধুরখীল বালিকা বিদ্যালয়। দুই বধ্যভূমির কোনোটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে অ্যাপোলো ফার্মেসির পেছনের বধ্যভূমিতে প্রায় ১৫০ জনকে গণকবর দেওয়া হয়। ওই জায়গাটিও ব্যক্তির মালিকানাধীন। লালখান বাজার ও চকবাজার এলাকার দুটি গণকবরে গড়ে উঠেছে বাণিজ্যিক ও আবাসিক ভবন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া বলেন, গুরুত্ব বিবেচনায় কিছু কিছু জায়গা হুকুম দখল করে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রকল্পের আওতায় চট্টগ্রামের দুইটি সম্মুখযুদ্ধস্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্প চূড়ান্ত হয়েছে। এর একটি হবে কালুরঘাটের মোহরা এলাকায় এবং অপরটি হবে সীতাকুণ্ডের সোনাইছড়ি মৌজায়। দুটি স্মৃতিস্তম্ভের জন্য ২০ শতক করে জায়গা ইতিমধ্যে হুকুম দখল করা হয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়নে খরচ হবে এক কোটি টাকারও বেশি।