স্মৃতিস্তম্ভে ফাটল, মুছে যাচ্ছে শহীদদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভের মূল বেদির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। স্তম্ভ থেকে মুছে যাচ্ছে শহীদদের নাম। তা ছাড়া একজন শহীদের ভুল পদবি সংশোধন করা হয়নি ছয় বছরেও। বিবর্ণ-ভাঙা স্মৃতিস্তম্ভে এবার শ্রদ্ধা জানাল ফেনীর মানুষ।ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আবদুল হান্নান প্রথম আলোকে জানান, শহীদ স্মৃতিস্তম্ভটি নির্মাণের পরপরই মূল স্তম্ভের বিভিন্ন স্থানে ছোট ছোট ফাটল দেখা দেয় । বর্তমানে শহীদদের নামগুলো ঝাপসা হয়ে গেছে। এখন কাছে গিয়েও পড়া যায় না। গণপূর্ত বিভাগ এটি নির্মাণের পর একটি বারের জন্যও কোনো খোঁজ রাখেনি। যার কারণে এ জীর্ণ দশা।সূত্র জানায়, ফেনী শহরের কলেজ ও জেল সড়ক মোড়ে ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি স্মৃতিস্তম্ভের ভিত্তিফলক উন্মোচন করেন সাংসদ জয়নাল আবেদীন ওরফে ভিপি জয়নাল। এক বছর পর এটির নির্মাণকাজ শেষ হয়। গণপূর্ত বিভাগ প্রকল্প বাস্তবায়ন করে। ২০০৬ সালের ২৬ মার্চ ফেনীর অপর সাংসদ মোহাম্মদ মোশাররফ হোসেন স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রথম আলোকে বলেন, স্মৃতিস্তম্ভ নির্মাণের পর সীমানাপ্রাচীর ছিল না। চারপাশ ছিল খোলা। পরে ২০১১ সালে পৌরসভার উদ্যোগে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। এখন স্মৃতিস্তম্ভটির মূল বেদিতে দেখা দিয়েছে ফাটল । এটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।এদিকে মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের মধ্যে অন্যতম মেজর সালাহ উদ্দিন মমতাজকে সরকার বীর উত্তম খেতাব প্রদান করলেও স্মৃতিস্তম্ভে লেখা হয়েছে বীর বিক্রম। এ ভুল আর সংশোধন করা হয়নি। দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সামসুল হক অভিযোগ করেন, তাঁর ভাই নুরুল হককে সরকার বীরপ্রতীক খেতাবে ভূষিত করে। কিন্তু স্মৃতিস্তম্ভে শহীদ তালিকায় নুরুল হকের নাম নেই। প্রশাসনের লোকজনকে কয়েকবার বলেও নামটি সংযোজন করা হয়নি।এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খন্দকার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। শিগগির স্মৃতিস্তম্ভের প্রয়োজনীয় সংস্কারকাজ করা হবে। তা ছাড়া বাদ পড়া শহীদদের নাম অন্তর্ভুক্ত ও ভুলও সংশোধন করা হবে।’