স্যমন্তক মণির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাচ, গান, অভিনয়—এই তিনে মিলে জমে ওঠে ভারতের কর্ণাটকের জাম্ববতী কল্যাণ পালা l জুয়েল শীল
নাচ, গান, অভিনয়—এই তিনে মিলে জমে ওঠে ভারতের কর্ণাটকের জাম্ববতী কল্যাণ পালা l জুয়েল শীল

আসরের শুরু হয় সন্ধ্যার সঙ্গে সঙ্গে। চলে ভোর পর্যন্ত। রামায়ণ ও মাহাভারতের বিভিন্ন কাহিনি নিয়ে যক্ষ গান ও নাচ হয়ে আসছে শতাব্দী ধরে। ভারতের কর্ণাটকের লোকজ এই শিল্পশৈলির সঙ্গে এবার পরিচয় ঘটল চট্টগ্রামের দর্শকদেরও। গত সোমবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে বসেছিল যক্ষ গান ও নাচের আসর।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজক ছিল চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন। আসরে যক্ষ গান ও নাচ পরিবেশন করে কর্ণাটকের ইয়াকসাগানা দল ডান্স অ্যান্ড ড্রামা দল। এই দলের প্রধান নির্দেশক ও দলনেতা নাগরাজ যোশী।
পালা গানের ঢঙে পরিবেশিত আসরে দুই দল শিল্পী অংশ নেন। মাদল, চান্দি নামে পরিচিত কর্ণাটকের ঐতিহ্যবাহী ঢোল ও হারমোনিয়ামের তালে তালে গান পরিবেশন করেন একদল শিল্পী। কন্নড় ভাষায় যাদের বলা হয় হিম্মেলা ও অন্য দল গানের সঙ্গে নাচ ও অভিনয় পরিবেশন করেন, যাদের বলা হয় মুম্মেলা। অলংকার–খচিত পোশাক, পরচুলা ও মুকুট পরেন শিল্পীরা। চরিত্রের সঙ্গে মিল রেখে তাঁদের মুখে গাঢ় রঙের প্রলেপও দেওয়া হয়।
মঞ্চে কর্ণাটকের দলটির পরিবেশিত পালার নাম জাম্ববতী কল্যাণ। ভগবত পুরান থেকে নেওয়া এই গীতিনৃত্যনাট্যের কাহিনি গড়ে উঠেছে স্যমন্তক মণি নামের এক মহামূল্যবান রত্ন ঘিরে। বৃন্দাবনের রাজা সত্রাজিৎ ছিলেন সেই মণির মালিক। কিন্তু মণিটি হারিয়ে গেলে শ্রীকৃষ্ণ সেটি নিয়েছেন এমন কথা রটে যায়।
বড় ভাই বলরামও শ্রীকৃষ্ণকে এ জন্য দায়ী করে। চুরির কলঙ্ক মাথায় নিয়ে শ্রীকৃষ্ণ মণিটি খুঁজতে খুঁজতে এসে পৌঁছায় রামভক্ত ভালুকরাজ জাম্ববানের গুহায়, যার কাছে ছিল সেই মহামূল্যবান মণিটি। কৃষ্ণ জাম্ববানকে মল্লযুদ্ধে হারিয়ে ছিনিয়ে নেয় সেটি। জাম্ববানের অপরূপা কন্যা জাম্ববতী কৃষ্ণের মহিমা দেখে তাকে হৃদয় সমর্পণ করে। মণির পাশাপাশি শ্রীকৃষ্ণ জাম্ববতীকেও পায় স্ত্রী হিসেবে।
জাম্ববানের ভূমিকায় নাগরাজ যোশী, শ্রীকৃষ্ণের ভূমিকায় অমর হেগ্রের নাচ ও অভিনয় মুগ্ধ করে দর্শকদের।
অনুষ্ঠান শেষে শিল্পীদের শুভেচ্ছা জানান চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল।