আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে সোনাগাজীতে শুরু হয়েছে জাতীয় স্যানিটেশন মাসের কর্মসূচি। এবারের স্যানিটেশন মাসের স্লোগান ছিল ‘২০১৩ সন সবার জন্য স্যানিটেশন’।গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোশারফ হোসেন, ব্র্যাক ওয়াশ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদ হোসেন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।