স্যানিটেশন সমস্যায় পেকুয়ার ১২ হাজার প্রাথমিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থী শৌচাগার সমস্যায় ভুগছে। এসব বিদ্যালয়ের মধ্যে ১০টিতে কোনো শৌচাগার নেই। অন্য ২০টি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার থাকলেও সেগুলোর বেশির ভাগই ব্যবহারের অনুপযোগী।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, শৌচাগারের অভাবে তাদের অনেক সময় জরুরি প্রয়োজনে আশপাশের কোনো বাড়িতে ছুটতে হয়। এতে বিব্রতকর অবস্থায় পড়ে সংশ্লিষ্ট সবাই। তাদের অভিযোগ, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো সাড়া মেলেনি।

১৩ মে সকালে পেকুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, বিদ্যালয়ে ১৩ জন শিক্ষকসহ ৭৬০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে ছয়টি শৌচাগারের মধ্যে চারটিই দুই বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রধান শিক্ষক মো. হানিফ চৌধুরী বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে প্রায় পৌনে ৮০০ মানুষের জন্য দুটি শৌচাগার মোটেই পর্যাপ্ত নয়। নষ্ট শৌচাগারগুলো সংস্কারের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে কয়েকবার চিঠি লেখা হলেও কোনো বরাদ্দ মেলেনি।’

বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ২৬ শিক্ষার্থীর জন্য ব্যবহারের উপযোগী শৌচাগার রয়েছে দুটি। অন্য তিনটি শৌচাগার কয়েক বছর আগেই নষ্ট হয়ে গেছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র হিরু আলম জানায়, ভালো দুটি শৌচাগার মূলত ছাত্রীরা ব্যবহার করে। ছাত্রদের প্রয়োজনে পার্শ্ববর্তী বারবাকিয়া বাজারে গিয়ে শৌচকর্ম সারতে হয়। নষ্ট শৌচাগারগুলো দ্রুত সংস্কার করার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

একইভাবে শৌচাগার সমস্যায় ভুগছেন উপজেলার রাজাখালী জামাল মেহের, মধ্য মগনামা, দক্ষিণ মগনামা, উত্তর মেহেরনামা, সাবেকগুলদি, পূর্ব উজানটিয়া, পশ্চিম উজানটিয়া, সুতাচুরা ও করিয়ারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ ছাড়া উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী কোনো শৌচাগারই নেই। এগুলো হচ্ছে টৈটং, সোনাইছড়ি ও শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজাখালী মাতবরপাড়া, রাজাখালী জিসি বকশিয়াঘোনা, পূর্ব মগনামা, পেকুয়ার চর, ফরিদ আহমদ চৌধুরী ও এম এইচ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়।

মাতবরপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমদ বলেন, ‘বিদ্যালয়ে স্যানিটেশন সুবিধা না থাকায় আমরা শিক্ষক-শিক্ষার্থীরা খুবই অসুবিধায় আছি। জরুরি প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীকে বাড়িতে ছুটতে হয়। এতে পাঠদান ব্যাহত হয়।’

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, নষ্ট শৌচাগারগুলো সংস্কার করতে হবে। বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নির্মাণে ‘ওয়াশ ব্লক’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১০টি বিদ্যালয়ে শৌচাগার তৈরি করা হবে। অন্যান্য বিদ্যালয়ের সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে।