স্যামসাংয়ের প্রযুক্তির চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনে প্রযুক্তির চমক দেখিয়েই চলেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। অন্য পণ্যেও নতুনত্বের শেষ নেই।আর তার কিছু নমুনা দেখা গেল ভারতের হায়দরাবাদে ‘স্যামসাং ফোরাম ২০১৩’ অনুষ্ঠানে।আর এ অনুষ্ঠানেই জানা গেল, বাংলাদেশে পণ্য সংযোজন কারখানা স্থাপন করবে স্যামসাং। জানালেন বাংলাদেশে স্যামসাংয়ের প্রধান চুন সু মুন। হায়দরাবাদের এই আয়োজনে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের শতাধিক সাংবাদিক অংশ নেন। গত ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ শেষ হয় স্যামসাং ফোরামের এই সম্মেলন।চুন সু মুন জানান, সবকিছু ঠিকমতো এগোলে যেকোনো সময় স্যামসাংয়ের পণ্য উৎপাদনের কারখানা বাংলাদেশে স্থাপনের উদ্দেশ্যে তাঁরা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবেন।এরই মধ্যে বাংলাদেশে স্যামসাংয়ের রঙিন টেলিভিশন সংযোজন করা হচ্ছে। চুন সু মুন বলেন, ‘মানুষের কাছে স্যামসাংয়ের পণ্যের চাহিদা রয়েছে বলেই সংযোজন কারখানা করেছি। আমাদের পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে নানা পরিকল্পনা তৈরি করা হবে।’সম্মেলনে স্যামসাং ৬৫ ইঞ্চি পর্দার আলট্রা হাই ডেফিনেশন টেলিভিশন, গ্যালাক্সি নোট ৫১০, এফ৮০০০ এলইডি টিভি, এইচটি এফ৯৭৫০ ডব্লিউ টিভি, নিউ টপ মাউনটেন ফ্রিজার, স্যামসাং ওয়েবল ওয়াশিং মেশিন, এনএক্স ক্যামেরা, ফিউচার মনিটরসহ নানা পণ্য আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। পাশাপাশি এসব পণ্যের গুণগত মান তুলে ধরা হয়।স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট অতুল জেইন এফ৮০০০ এলইডি টিভির নানা দিক তুলে ধরে বলেন, ‘সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, রিমোট ছাড়াই এই টিভি চালানো যাবে। যে কেউ চাইলেই স্মার্ট টাচ কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে হাতের সাহায্যে জুম ইন ও আউট (দুই হাত দিয়ে) করে অনুষ্ঠান দেখতে পারবেন। শুধু সোফায় বসে ইশারা করলেই চলবে।’ এটিকে তিনি পরবর্তী প্রজন্মের টিভি বলে অভিহিত করেন। আগামী মে মাসে এই টিভি বাজারে আনতে পারবেন বলে তাঁরা আশা করছেন।সম্মেলনে গ্যালাক্সি নোট ৫১০ মডেলের একটি ফোন দেখানো হয়। স্যামসাং ইন্ডিয়ার অসীম ওয়ার্সি জানান, এই গ্যালাক্সি নোট মূলত ট্যাব, নোটবুক, ই-বুক ও ডায়েরির সমন্বিত রূপ। কোয়াড কোর প্রসেসরের এই ফোনে ডায়েরির মতো এখানে লেখাও যায়।স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট মহেশ কৃষ্ণান জানান, ২০১৫ সালের মধ্যে স্যামসাং বিশ্বের শীর্ষ ‘হোম অ্যাপ্লায়েন্স’ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়। এরই অংশ হিসেবে অত্যাধুনিক রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।স্যামসাংয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বিডি পার্ক শুক্রবারের সংবাদ সম্মেলনে জানান, স্যামসাং ভোক্তাদের কাছে শীর্ষ কোম্পানি হিসেবে থাকতে চায়। কীভাবে সম্ভব, এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমত আমরা চাই, আর দ্বিতীয়ত ভোক্তা কী চায়, তা আমরা জানি।’স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপক জিয়াউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের অত্যাধুনিক পণ্যের বিপুল চাহিদা রয়েছে।১৯৩৮ সালে প্রতিষ্ঠার পর নানা রকম প্রযুক্তিপণ্যে সাফল্য পেয়েছে স্যামসাং। সাম্প্রতিক সময়ে স্মার্টফোন তৈরি ও বিক্রির ক্ষেত্রে ব্যাপক সফল এ প্রতিষ্ঠানটি।