স্যারের স্ত্রী আমাকে সহ্য করতে পারেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের এক শিক্ষক আমার খুব প্রিয় মানুষ। তাঁর খোঁজখবর রাখাটা আমি নিজের কর্তব্য মনে করি। আর তিনিও সৌজন্যতা করে আমার খোঁজখবর রাখেন। এখন সমস্যা হলো, স্যারের স্ত্রী আমাকে সহ্য করতে পারেন না। মুখে বলেন না কিন্তু আচরণে বুঝিয়ে দেন। অথচ তাঁর সঙ্গেও আমার বেশ ভালো সম্পর্ক ছিল। 
নাম প্রকাশে অনিচ্ছুক, দিনাজপুর।

পরামর্শ
তুমি কর্তব্য বলতে কী বোঝাতে চেয়েছ সেটা স্পষ্ট নয়। কারও প্রতি দায়িত্ব বা কর্তব্য আমরা তখনই পালন করি, যখন অন্য মানুষটিও আমাদের ওপরে নির্ভরশীল থাকে। ভালো করে ভেবে দেখবে যে তুমি আসলে ঠিক কী কারণে তার খোঁজখবর রাখছ। তিনি কি সেটি তোমার কাছ থেকে প্রত্যাশা করেন? নাকি তোমারই কোনো অস্থিরতা বা দুশ্চিন্তা হয় তাঁর খোঁজ না পেলে? একজন শিক্ষক হয়ে তিনিও বা কেন এই ‘সৌজন্য’ রক্ষা করে চলেছেন সেটিও ভাবার বিষয়। স্যারের স্ত্রীর সঙ্গে তোমার একটি সুসম্পর্ক ছিল। এখন কী কারণে তিনি তোমাকে সহ্য করতে পারছেন না, সেটিও ভেবে দেখা দরকার। হয়তো বা তোমার প্রতি শিক্ষকের আচরণ তাঁর কাছে ভালো লাগছে না। তবে বিষয়টি নিয়ে স্যারের সঙ্গে নয়, তোমাকে আলোচনা করতে হবে তাঁর স্ত্রীর সঙ্গে। তুমি খুব আন্তরিকভাবে তাঁকে জিজ্ঞেস করতে পার তোমার কোনো আচরণ তিনি অপছন্দ করছেন কি না । শিক্ষকের স্ত্রী যদি এ ব্যাপারে অনীহা দেখান, তবুও তুমি আন্তরিকভাবে চেষ্টা করো। 

তোমার কারণে তাঁদের দাম্পত্যজীবনে কোনো নেতিবাচক প্রভাব পড়ুক, এটি নিশ্চয়ই তুমি কখনো চাইবে না।

সমস্যা
আমি অবসর জীবন কাটাচ্ছি। এখন আমি একটি বাসায় একা থাকি। লেখালিখি করে আমার সময় কাটে। ছোটখাটো ঘটনা আমাকে খুব প্রভাবিত করে। একটা ঘটনা বলি। সেদিন আমি হেঁটে দোকানে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বছর খানেক বয়সী একটি ছেলে রাস্তায় হামাগুড়ি দিয়ে যাচ্ছে। আমি ভালো করে লক্ষ করার আগেই একটা কাজের বুয়া টাইপের মহিলা আমার সামনে এসে বলল, এই বাচ্চা কি আপনার? আমি বললাম, নাতো। বলার সঙ্গে সঙ্গে মহিলা বাচ্চাটিকে ছোঁ মেরে কোলে নিয়ে একটা গলির মধ্যে ঢুকে গেল। সংবিৎ ফিরতেই আমি মহিলার পেছন পেছন গেলাম। কিন্তু ওকে আর পেলাম না। এরপর থেকে প্রায়ই কান খাড়া করে শুনতাম কোথাও বাচ্চা হারানোর ঘোষণা হচ্ছে কি না। চাকরি থেকে অবসর নেওয়ার পর নানা স্মৃতির সঙ্গে এই স্মৃতিটি আমাকে দারুণ অপরাধী করে দেয়। মাঝেমধ্যে মনে হয়, এটা বোধ হয় আমার স্বপ্ন ছিল। কী করব বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে, আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি। রাস্তাঘাটে প্রতিবন্ধী ছেলে দেখলে মনে হয় এই বুঝি সেই ছেলেটা। 
সামসুন নাহার, ঢাকা ।

পরামর্শ
আপনার সামনে যখন ঘটনাটি ঘটেছিল তার পরবর্তী সময়ে সেটি নিয়ে বেশিক্ষণ ভাবার সুযোগ ছিল না। একা একা অনেক দায়িত্ব পালন করতে করতে হয়তো সেটি উঁকিঝুঁকি দিলেও আপনি পরবর্তী কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে আপনার স্নেহময় মনটি যে শুধু নিজের সন্তানের জন্য ভাবে না, অন্য মায়েদের কষ্টের বিষয়টি নিয়ে নাড়াচাড়া করে তা বোঝা যাচ্ছে। সেদিন তো আপনি চেষ্টা করেছেন মহিলাটিকে অনুসরণ করে কোনো পদেিক্ষপ নিতে। এর পরও হারানো বিজ্ঞপ্তি হচ্ছে কি না তা-ও শোনার চেষ্টা করেছেন। এর চেয়ে বেশি কিছু আপনি কী করতে পারতেন? জীবনের এই লগ্নে পৌঁছে আপনি একাকীও হয়ে পড়েছেন। 
যা যা হারিয়ে গেছে, সেগুলোও এখন মনের কোণে ভিড় করছে। একধরনের মানসিক অবসাদ জমছে বলে ওই স্মৃতিটির সঙ্গে জড়িয়ে থাকা অপরাধ বোধ আপনাকে এখন তাড়া করছে। আপনি যখন স্মৃতিচারণা করছেন, তখন মনের অজান্তেই নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন। এটি না করে বরং তখনকার বাস্তবতায় যে কারণগুলো ছিল, সেগুলোকে বেশি গুরুত্ব দিলে মনটা কিছুটা হলেও হালকা লাগবে। এ ছাড়া আপনার এখন যে কথাগুলো খুব বেশি মনে হয় সেগুলো প্রতিনিয়ত লিখলেও আপনি উপকৃত হবেন। আপনি যেহেতু লেখালেখি করেন, আপনার জীবনের গল্প হয়তো একটি সুন্দর উপহার হতে পারে অন্যদের জন্যও। আপনার যদি এখন যথেষ্ট সময় থাকে এবং শরীর মোটামুটি ভালো থাকে, তাহলে সমাজের বঞ্চিত শিশুদের নিয়ে কিছু কাজ করার উদ্যোগ নিতে পারেন। সেই সঙ্গে আশপাশের মানুষদের সঙ্গে মেশা, নিজের শরীরের যত্ন নেওয়াও খুব প্রয়োজন। মনের যত্নের জন্য দিনের একটি বিশেষ সময় নির্ধারণ করে নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথন করতে পারেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.