স্লুইসগেট এখন গলার কাঁটা
পরিকল্পিতভাবে নির্মাণ না করায় খাগড়াছড়ির দীঘিনালার সাতটি স্লুইসগেট কৃষকদের কাজে আসছে না। বেশ কয়েকটি স্লুইসগেট নির্মাণের পর থেকে এক দিনের জন্যও ব্যবহার করা হয়নি। কয়েকটি স্লুইসগেট সচল থাকলেও ঝিরি–ঝরনায় পানি না থাকায় সেগুলোও অকেজো পড়ে আছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে চাষাবাদের সুবিধার্থে উপজেলার বিভিন্ন ঝিরি–ঝরনার ওপর সাতটি স্লুইসগেট নির্মাণ করা হয়। প্রতিটি স্লুইসগেট নির্মাণে ১০ লাখ টাকার মতো খরচ হয়। কিন্তু নির্মাণের পর থেকে স্লুইসগেটগুলোর রক্ষণাবেক্ষণ করা হয়নি। পাশাপাশি স্থান নির্বাচনে ত্রুটি থাকায় এগুলো কৃষকের কাজেও আসেনি। বর্তমানে সাতটি স্লুইসগেটের মধ্যে চারটি একেবারেই অকেজো এবং তিনটি আংশিক সচল আছে।
সম্প্রতি পাবলাখালী বিল এলাকায় গিয়ে দেখা যায়, পাবলাখালী ছড়ার ওপর নির্মিত স্লুইসগেটটি জঙ্গল পরিবেষ্টিত অবস্থায় পড়ে আছে। পাবলাখালী ছড়ায় পানি নেই বললেই চলে। বিলের বিশাল অংশ অনাবাদি পড়ে আছে। সেচের অভাবে বোরো চাষ করতে পারেননি কৃষকেরা। কথা হয় এলাকার কৃষক সুরপতি চাকমার সঙ্গে। তিনি বলেন, ‘বিলের মধ্যে আমার চার একর জমি আছে। কিন্তু সেচের অভাবে বোরো চাষ করতে পারিনি।’
এলাকার অনেক কৃষকেরই এই অবস্থা। মাহেন্দ্রী চাকমা, আনন্দ মোহন চাকমা, সুভাষ জ্যোতি চাকমা, দীপ্তিময় চাকমা, হিরণ্ময় চাকমা, অনিল চাকমা, জহুর লাল চাকমাসহ ওই এলাকার অনেক চাষি বোরো চাষ করতে পারেননি বলে জানান।
বাবুছড়া কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা অতুল চাকমা বলেন, ‘আমার কৃষি ব্লকে দুটি স্লুইসগেট রয়েছে। একটি একেবারেই অকেজো, আরেকটি আংশিক সচল হলেও কৃষকের কোনো কাজে আসে না।’
কামাকুছড়া কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সুখময় চাকমা বলেন, কামাকুছড়ার ওপর নির্মিত স্লুইসগেটটি আংশিক সচল। কিন্তু শুকনো মৌসুমে ছড়ায় পানি না থাকায় সেটি কোনো কাজে আসে না।
দীঘিনালা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমা বলেন, ‘আমার কৃষি ব্লকের দুটি স্লুইসগেট অকেজো। স্লুইসগেটগুলো নির্মাণের সময় স্থান নির্বাচন ঠিক না হওয়ায় সেগুলো চাষিদের কোনো কাজে আসছে না।’
ছোট মেরুং কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীরও একই কথা বললেন। তিনি বলেন, ছোট মেরুং ছড়ার ওপর নির্মিত স্লুইসগেটটির তিনটি দরজার মধ্যে একটি একেবারেই অচল। তবু কোনোরকম চলছে। স্লুইসগেটটি সংস্কার করা প্রয়োজন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা বলেন, উপজেলার বিভিন্ন ছড়ার ওপর নির্মিত সাতটি স্লুইসগেটের মধ্যে আটটি অকেজো, তিনটি আংশিক সচল থাকলেও কৃষকের তেমন কাজে আসছে না। আর শুকনো মৌসুমে ছড়াগুলোতে পানি থাকে না। স্লুইসগেটগুলো সংস্কারে কৃষি বিভাগে কোনো বরাদ্দও নেই।