কক্সবাজােরর পেকুয়া উপজেলার দুই শতাধিক কৃষক আমনের চাষ করেও একমুঠো ধান গোলায় তুলতে পারেননি। স্লুইসগেট দিয়ে লোনা পানি ঢুকিয়ে গুটিকয়েক ব্যক্তি মাছ শিকার ও মাছ চাষ করায় আমনচাষিদের এ সর্বনাশ হয়েছে। কিছু কিছু এলাকায় আমন কাটার উৎসব চললেও এসব কৃষকের ঘরে ঘরে চলছে নীরব কান্না।
সরেজমিনে দেখা যায়, পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সিকদারঘোনা গ্রামে দুর্বৃত্তরা রাতের আঁধারে স্লুইসগেটে জাল বসিয়ে মাছ শিকার করে। তাতে আমনের খেতে লোনা পানি ঢুকেছে। ফলে আমনের খেত বিবর্ণ হয়ে মরে গেছে। কৃষক নুরুল কাদের (৪৮) বলেন, ‘গোলায় আমনের ফসল তুলতে পুরো আড়াই মাস কষ্ট করেছি। আমন কাটার আগে আগে রাতের আঁধারে মাছ শিকার করে আমন খেতে লবণ–পানি ঢুকিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে ৮০ শতক জমিতে চাষ করেও একমুঠো ধান গোলায় তোলা যায়নি। ওই এলাকার অন্তত ৫০ জন কৃষকের ৪০ একর আমন খেতের ব্যাপক ক্ষতি হয়েছে।’
রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় ভোলাখালের বেড়িবাঁধ কেটে অন্তত ১০টি নল বসিয়েছে দুর্বৃত্তরা। তারা মাছ চাষ করতে প্রতি জোয়ারের সময় লোনা পানি ঢোকাচ্ছে। ভোলা খালের বেড়িবাঁধটির অন্তত ১০০ ফুট পর পর একটি করে নল বসানো হয়েছে। মাঝিরপাড়া এলাকার আমনচাষি কালা মিয়া বলেন, ৮০ শতক জমিতে ধান চাষ করে এক আড়ি ধানও গোলায় তোলা সম্ভব হয়নি।
ওই এলাকার কৃষকেরা অভিযোগ করেছেন, নুরুল আলম, মোহাম্মদ হোছন, নুরুল ইসলাম, দরফ আলীসহ আরও কয়েকজন মিলে প্রতি জোয়ারের সময় বেড়িবাঁধে নল দিয়ে ভোলা খাল থেকে মৎস্য প্রকল্পে লোনা পানি ঢুকিয়ে মাছ চাষ করছেন। এতে ওই এলাকার অন্তত ৬০ জন কৃষকের ৭০ একর পাকা আমন ধান নষ্ট হয়ে গেছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা জানান, খেতে লোনা পানি ঢোকার জন্য তাঁরা দায়ী নন।
একইভাবে পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া, মছন্যাকাটা, হরিনাফাঁড়ি, নন্দীরপাড়া, বিলহাচুরা, মুরারপাড়া এলাকার ১৩০ একর জমির পাকা আমন ধান স্লুইসগেট ও নল দিয়ে লোনা পানি ঢুকিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
পেকুয়া কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পেকুয়ায় আমন মৌসুমে ১৭ হাজার ৬২৫ একর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৪৪০ মেট্রিক টন চাল। কিন্তু লোনা পানিতে দুই শতাধিক কৃষকের প্রায় ৩০০ একর জমির আমনের ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, ‘এ বিষয়টি আমি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি।’
পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ হোসেন পলাশ প্রথম আলোকে বলেন, লোনা পানি ঢুকিয়ে কিছু দুর্বৃত্ত আমনের ক্ষতি করেছে। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না সেটা বলার সময় আসেনি।