স্লুুইসগেট দখল করে দোকান!
উপকূলীয় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সোনালিবাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্লুইসগেট দখল করে কতিপয় প্রভাবশালী তৈরি করছেন একাধিক দোকানঘর। ইতিমধ্যে তিনটি দোকানঘর তৈরি হয়ে গেছে, কিন্তু কেউ বাধা দেয়নি।২৪ মার্চ বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, মগনামা ইউনিয়নের সোনালিবাজার পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ৪১ নম্বর স্লুইসগেটটি দখল করে তাতে ইউনিয়নের মটকাভাঙা গ্রামের মনছুর আলম একটি দোকানঘর নির্মাণ করেছেন। তার পাশে আরও তিনটি দোকান নির্মাণ করেন, ওই মটকাভাঙা গ্রামের বাদশা মিয়া, সলিম উল্লাহ ও উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা গ্রামের নুরুল ইসলাম। স্থানীয় লবণচাষিরা জানান, এ স্লুইসগেটটি দিয়েই উজানটিয়া ও মগনামা ইউনিয়নের বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে থাকে। এটি দখল হয়ে গেলে পানি চলাচল বন্ধ হয়ে হাজার হাজার একর লবণ মাঠ ও ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হবে। মগনামা চেরাং ঘোনা এলাকার বাসিন্দা ছাদেকুর রহমান জানান, প্রভাবশালী ব্যক্তিরা স্লুইসগেটটি দখল করে রাতারাতি কয়েকটি দোকানঘর নির্মাণ করলেও কেউ এ পর্যন্ত বাধা দেয়নি।এ ব্যাপারে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগপত্র দেওয়া হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট দখল করে দোকান নির্মাণের কারণ জানতে চাইলে মনছুর আলম, বাদশা মিয়া ও সলিম উল্লাহ বলেন, পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েই দোকানগুলো নির্মাণ করা হয়েছে। এতে কারও ক্ষতি হওয়ার কথা নয়। এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) মিলন কান্তি ভট্টাচার্য জানান, পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট অথবা জমি দখল করে দোকান নির্মাণের অনুমতি কাউকে দেওয়া হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।