স্লোগান ও নাতে রাসুলের সুরে মুখর ছিল নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চট্টগ্রামেও পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি জেলার বিভিন্ন স্থানে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ১০টায় আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে শোভাযাত্রায় লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। তাঁরা ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবর, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবীজি-মোস্তাফা নবী-ছাল্লে আলাহ’ ইত্যাদি স্লোগান ও নাতে রাসুলের সুরে পুরো নগর মুখর করে তোলেন।শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আসা পীর সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। শোভাযাত্রাটি ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনটি ছিল হিজরি সালের ১২ রবিউল আউয়াল। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত হয়েছিল এই দিনেই। নগরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেছে। এ উপলক্ষে নগরের বিভিন্ন জায়গায় মহানবীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরের প্রধান প্রধান সড়কের মোড় ও বিভিন্ন গোলচত্বর সাজানো হয়েছিল জাতীয় পতাকা, কলেমা খচিত বর্ণিল ব্যানার-ফেস্টুন ও কুরআন-হাদিসের বাণী দিয়ে। দিবসটির গুরত্ব ও তাৎপর্য তুলে ধরে মাইজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান বলেন, ‘নবী করিম (সা.) মানবজাতির জন্য শ্রেষ্ঠ নেয়ামত। মানুষ যখন জাহিলিয়াতের অন্ধকারে ডুবতে বসেছিল ঠিক সেই মুহূর্তে স্রষ্টা আমাদের ত্রাণকর্তা হিসেবে নবী (সা.) কে দুনিয়ায় পাঠিয়েছিলেন।’ জমিউতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরি বলেন, ‘মিলাদুন্নবী সুন্নাতে ইলাহী, সুন্নাতে মোস্তফা, সুন্নাতে আম্বিয়া এবং সুন্নাতে সাহাবা।’