
রসায়নে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আমার শিক্ষাজীবন শেষ হয়। এরপর ২০০৪ সালে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করি। পাশাপাশি সাংবাদিকতাও করতে থাকি। ২০১১ সালের ১ ডিসেম্বর থেকে প্রথম আলোর পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। স্থানীয় সাংসদ ও সরকারদলীয় চিফ হুইপ আ স ম ফিরোজকে সংবর্ধনা দেওয়া হয় পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের পাবলিক মাঠে। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন কমিটির পক্ষ থেকে চিফ হুইপকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। একপর্যায়ে হুইপ ফিরোজ মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘ক্রেস্ট নয়, ক্যাশ চাই’।
পরদিন ৮ ফেব্রুয়ারি চিফ হুইপের বক্তব্যের ভিডিওসহ প্রথম আলোর অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। ভিডিওটি প্রথম আলোর বরাত দিয়ে বিভিন্ন সম্প্রচারমাধ্যমে প্রকাশিত হয়। ৯ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘ক্রেস্ট না, ক্যাশ চাই, ক্যাশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ছাড়া ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতাদের নানা অনিয়ম ও প্রকল্পের টাকা আত্মসাৎ নিয়ে বিভিন্ন সময়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়। এতে ভীষণ ক্ষুব্ধ হন আ স ম ফিরোজ ও তাঁর অনুসারীরা।
গত ২৪ মে ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প; কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপরই আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে ২৬ মে পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে একটি মামলা করা হয়।
পুলিশ তদন্ত শেষে ৩ জুন আদালতে প্রতিবেদন জমা দেয়। ৯ জুন আদালত আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনের ৪/৫ ধারায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ কারণে এক মাস মা-বাবা, স্ত্রী, পুত্র ও কন্যাকে রেখে পালিয়ে থাকতে হয়েছে। দুর্বিষহ সময় কাটানোর পর ১৪ জুলাই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করি। মামলার বিষয়বস্তু, বাদী ও সাক্ষীদের বর্ণনা, ঘটনাস্থল ইত্যাদি বিষয়ের সঙ্গে পুলিশের দেওয়া প্রতিবেদনের বেশ কিছু অসংগতি থাকায় আদালত আমার স্থায়ী জামিনের আদেশ দেন।
আমার স্ত্রী শারমিন সুলতানা একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তাঁকেও দুর্গম চরাঞ্চলে বদলি করাসহ বিভিন্নভাবে হয়রানি করার ষড়যন্ত্র করছেন ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতা। হয়রানি থেকে রক্ষা পেতে হাইকোর্টে রিট করতে হয়েছে তাঁকে। কোনো ধরনের হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দিয়েছেন আদালত। এর পরও তাঁকে বদলি ও চাকরিচ্যুত করার ষড়যন্ত্র থেমে নেই।
এর আগে সংবাদ প্রকাশের জেরে ২০১৩ সালের ২ সেপ্টেম্বর পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গণধর্ষণের অভিযোগ এনে এক নারী আমাকে প্রধান আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। আরজিতে বলা হয়, ৩১ আগস্ট রাত আটটার দিকে ওই নারী ধর্ষণের শিকার হন। অথচ ওই দিন সকাল নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় আমি আহত হই। মাসুম সিদ্দিকী ও কৃষ্ণ কর্মকার নামের দুই সংবাদকর্মী আমাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই দুর্ঘটনায় আমার ডান পায়ের গোড়ালির ওপরের অংশ ভেঙে যায়।
বিষয়টি জানতে পেরে বাদী নোটারি পাবলিকের মাধ্যমে আদালতে গিয়ে জবানবন্দি দেন যে তিনি আসলে এ মামলা করেননি। এ রকম কোনো ঘটনা ঘটেনি বা তিনি জানেন না। তাঁর নাম-ঠিকানা ব্যবহার করে অন্য কোনো নারী এ অভিযোগ করেছেন। পরে পুলিশ এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন। মুক্ত হই ধর্ষণের মামলা থেকে। এত মামলা-মোকদ্দমা আর হয়রানি সত্ত্বেও সাংবাদিকতা করছি, করব।
এ বি এম মিজানুর রহমান: বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি