কক্সবাজারের চকরিয়া পৌরসভায় সড়ক উন্নয়ন ও নালা নির্মাণে ১৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১৪ মার্চ বিকেলে চকরিয়া থানা সেন্টার চত্বরে আয়োজতি সুধীসমাবেশ করে এ ঘোষণা দেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
মেয়র বলেন, পৌরবাসীর সেবা নিশ্চিত করতে মিউনিসিপ্যাল গভর্ন্যান্স সার্ভিসেস প্রকল্পের (এমজিএসপি) আওতায় ২০১৬-১৭ অর্থবছরে ১৮ কোটি ১৩ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে চার কিলোমিটার সড়কে নতুনভাবে পিচঢালাই ও নালা নির্মাণ করা হবে। গত অর্থবছর একই প্রকল্পের অধীনে পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে সাত কিলোমিটার এলাকায় সড়ক পিচঢালাই করা হয়েছে। আগামী মাসে ২৫ কোটি টাকার আরও একটি নতুন প্রকল্প অনুমোদিত হচ্ছে।
মেয়র আলমগীর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ, পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি ওয়ালিদ মিল্টন ও পৌরসভার কাউন্সিলররা। সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বলেন, উন্নয়নের জন্য সরকারের কাছে টাকার অভাব নেই। এত দিন উচ্চমহলে তদবির করার মতো কেউ ছিলেন না। এ জন্য চকরিয়াবাসী উন্নয়নবঞ্চিত ছিলেন। তিনি মেয়রকে উদ্দেশ করে বলেন, উন্নয়নকাজ করতে গেলে অনেক বাধাবিপত্তি আসবে। কিন্তু জনগণের স্বার্থে এসব বাধা ভাঙতে হবে।