অক্সিজেন-হাটহাজারী সড়কের একাংশের সম্প্রসারণ কাজ নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের মধ্যে কাজে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। এ নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়ার সঙ্গে কথা বলেছেন একরামুল হক। প্রথম আলো: অক্সিজেন-হাটহাজারী সড়কের একাংশের সম্প্রসারণকাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। অথচ জমি অধিগ্রহণ করা হয়নি। এটা সমন্বয়হীন কাজ নয় কী?রানা প্রিয় বড়ুয়া: আসলে সড়ক উন্নয়নের জন্য অনেক কাজ একসঙ্গে করতে হয়। যেমন জমি অধিগ্রহণ, বৈদ্যুতিক খুঁটি, গ্যাস ও পানির সংযোগ লাইন অপসারণ ইত্যাদি। সব কাজ আলাদাভাবে করলে প্রকল্প বাস্তবায়নে পাঁচ-সাত বছর লেগে যেতে পারে। তাই কার্যাদেশ দেওয়ার পাশাপাশি জমি অধিগ্রহণ ও অন্যান্য কাজও সমান তালে চলে।প্রথম আলো: অক্সিজেন-হাটহাজারী সড়কের একাংশের সম্প্রসারণকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান শেষ করতে পারেনি। এই অভিযোগ তো স্বীকার করেন?রানা প্রিয় বড়ুয়া: কিছু সমস্যার কারণে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। এতে ঠিকাদারের যেমন ব্যর্থতা আছে। আমাদেরও ব্যর্থতা আছে। জনস্বার্থে ওই প্রতিষ্ঠানের কাজের মেয়াদ বাড়ানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি।প্রথম আলো: প্রকল্প বাস্তবায়নের জন্য চাহিদা অনুযায়ী অর্থ ছাড়করণ হয় না। এতে কাজের অগ্রগতি নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে বক্তব্য কী? রানা প্রিয় বড়ুয়া: আসলে টাকা ছাড়া প্রকল্প বাস্তবায়ন হয় না। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পাওয়ার অভিযোগ সত্য। তবে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। প্রকল্প পরিচালকই ভালো বলতে পারবেন।প্রথম আলো: অক্সিজেন-হাটহাজারী সড়ক সম্প্রসারণের কাজে হাত দিয়ে নির্দিষ্ট সময়ে টাকা পায়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে কি প্রকল্প দুটির বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে ?রানা প্রিয় বড়ুয়া: অক্সিজেন-হাটহাজারী সড়ক সম্প্রসারণের জন্য এ বছর আমরা তিন কোটি টাকা পেয়েছি। অথচ আমাদের প্রয়োজন ২০ কোটি টাকা। বছর শেষ হতে আরও সাড়ে তিন মাস বাকি। ওই সময়ের মধ্যে হয়তো টাকা পেয়ে যাব। আর বহদ্দারহাট-নতুন সেতু সংযোগ সড়কের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শেষ করতে পারব বলে আশাবাদী।