সড়ক ও জনপথ বিভাগের জমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন ও চৌমুহনী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ১৫ একরের বেশি জমি বেদখল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বেদখল হওয়া জমিতে ইতিমধ্যে প্রায় ১০০ দোকান ও বসতবাড়ি নির্মিত হয়েছে বলে জানা গেছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে বাঘাইছড়ি উপজেলার রুপকারী ও বটতলী মৌজায় স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ৩৫ একর জমি অধিগ্রহণ করে। এর মধ্যে কার্যালয় ও সড়ক সম্প্রসারণ করতে প্রায় ২০ একর জমির প্রয়োজন হয়। বাকি ১৫ একর অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়। এই সুযোগে স্থানীয় প্রভাবশালী ও সাধারণ লোকজন সেখানে দোকানঘর ও বসতবাড়ি নির্মাণ করেন। এর মধ্যে পর্যায়ক্রমে কাঁচা-পাকা মিলে দোকানঘরসহ ৮০ থেকে ৯০টি বাড়িঘর গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৯৫ সাল থেকেই মডেল টাউনের জায়গা দখল শুরু হয়। সে বছর অধিগ্রহণ করা জায়গায় আট থেকে ১০টি দোকানঘর তৈরি হয়। পরবর্তী সময়ে আরও পাঁচ থেকে সাতটি পরিবার সেখানে বাড়িঘর নির্মাণ করে বসবাস শুরু করে। ২০০০ সালে পাঁচ থেকে সাতজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি প্রায় পুরোটাই দখল করে নিয়ে সেখানে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। ৮ মার্চ গিয়ে দেখা যায়, চৌমুহনী ও মডেল টাউন এলাকায় অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। মডেল টাউন ও বেইলি সেতু এলাকায় দোকানঘরসহ ৩০ থেকে ৪০টি বসতবাড়ি গড়ে উঠেছে। সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের পাশে একটি নির্মাণাধীন আধাপাকা ঘরও দেখা গেছে। স্থানীয় বাসিন্দা দীলিপ কুমার দাশ বলেন, সড়ক ও জনপথ বিভাগ আমাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে নিয়েছে। অধিগ্রহণকৃত জমির অনেকটুকু ইতিমধ্যে দখল হয়ে গেছে।দোকানের মালিক মো. কামাল, মো. দিদার হোসেন বলেন, ‘আমরা স্থানীয় আওয়ামী লীগের নেতার পরামর্শ ও অনুমতি নিয়ে ব্যবসা করছি। এখানে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। কারও নিজস্ব কোনো দলিল নেই।’ খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ‘বাঘাইছড়ি উপজেলায় আমাদের অনেক জমি রয়েছে। জনবলসংকটের কারণে এসবের দেখভাল হচ্ছে না। ভবিষ্যতে উপজেলা প্রশাসনকে জমি দখলের বিষয়টি অবগত করে উদ্ধারের চেষ্টা করব।’ পৌরমেয়র মো. আলমগীর কবির বলেন, সড়ক ও জনপথের জমি ও কার্যালয় রয়েছে কিন্তু সেখানে কেউ থাকে না। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় বেদখল হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘দখল করা জমিগুলো উদ্ধার করতে গেলে সড়ক ও জনপথ বিভাগকে এগিয়ে আসতে হবে। তারা আমাদের জানালে উচ্ছেদের উদ্যোগ নেব।’