নগরের সড়ক ও নালা সংস্কারে চট্টগ্রাম সিটি করপোরেশনের নেওয়া ৭১৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের দুটি প্রকল্প পাস হয়েছে পরিকল্পনা কমিশনের (পিইসি) সভায়। তবে দুটি প্রকল্পকে এক করে একটি প্রকল্পে পরিণত করার সিদ্ধান্ত হয়েছে সভায়। চূড়ান্ত অনুমোদনের জন্য এ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, প্রবল বৃষ্টিপাত ও বর্ষণজনিত কারণে নগরের সড়কগুলো প্রতিবছরই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে যানজটসহ বিভিন্ন প্রতিবন্ধকতা হয়। এ জন্য সড়ক ও নালাগুলোর সংস্কার ও উন্নয়নের জন্য দুটি প্রকল্প নেওয়া হয়। এসব প্রকল্পের ওপর ভিত্তি করে নগরের রাস্তাঘাট উন্নয়নে তিন বছরের রূপরেখা নির্ধারণ করেছে সিটি করপোরেশন।
সিটি করপোরেশন সূত্র জানায়, ১৬ অক্টোবর পরিকল্পনা কমিশনের সভায় ‘চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কালভার্ট, ড্রেন ও প্রতিরোধক দেয়াল নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি পাস হয়। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৩৮ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার টাকা। এর মধ্যে সরকার দেবে ২৩৭ কোটি ১ লাখ টাকা এবং সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে সরবরাহ করা হবে ১০১ কোটি ৫৭ লাখ টাকা। এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৬–এর নভেম্বর থেকে ২০১৯–এর জুন মাস পর্যন্ত।
এদিকে ‘চট্টগ্রাম মহানগর এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের উন্নয়ন’ শীর্ষক ৩৭৮ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার টাকার একটি প্রকল্প ২৩ অক্টোবর অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের পিইসি সভায় অনুমোদন দেওয়া হয়। এটিরও মেয়াদ ধরা হয়েছে ২০১৬–এর নভেম্বর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত। এ প্রকল্পে সরকারের কাছে সিটি করপোরেশন অনুদান প্রত্যাশা করছে ২৮৪ কোটি ১৮ লাখ ৮৭ হাজার টাকা এবং সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ৯৪ কোটি ৭১ লাখ ৬২ হাজার টাকা।
পরিকল্পনা কমিশনের পিইসি সভায় দুটি প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হলেও কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের এক সহকারী প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ২৩ অক্টোবর অনুষ্ঠিত পিইসি সভায় সিটি করপোরেশনের দুটি প্রকল্পকে একত্র করে একটি করার সিদ্ধান্ত হয়। বর্তমানে প্রকল্প দুটিকে একটি করার কাজ চলছে। তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে। পরে তা চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হবে।