সড়ক কেটে পাইপলাইন বসাতে দিচ্ছে না সওজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ আবারও আটকে যাচ্ছে। সড়ক কেটে পাইপলাইন বসাতে অনুমতি দিচ্ছে না সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ফলে প্রকল্পের কাজ আরেক দফা পিছিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।ওয়াসা সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের খাঁর মসজিদ এলাকায় নির্মাণাধীন কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি পর্যন্ত ৩৪ কিলোমিটার পাইপলাইন বসানোর কথা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট সেতু পর্যন্ত ২৪ কিলোমিটার পাইপলাইন বসানোর জন্য সওজ বিভাগের কাছে অনুমোদন চাওয়া হয়। কিন্তু যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, এ জন্য তারা অনুমোদন দেয়নি। এ নিয়ে সওজ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেও কোনো ফল হয়নি। কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পরিচালক প্রকৌশলী আবদুল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই মিটার অংশ কেটে কয়েক ফুট গভীরে পাইপলাইন স্থাপন করতে হবে। আধা মিটার জায়গায় সরঞ্জাম রাখতে হবে। যা করার অনুমোদন চাওয়া হয় সওজ বিভগের কাছে। কিন্তু তাতে সড়কের ক্ষতি ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার অজুহাত দেখিয়ে তারা অনুমোদন দিচ্ছে না। উল্টো সড়কের নিচে ফসলি জমি কেটে পাইপলাইন বসনোর পরামর্শ দেয় সওজ বিভাগ। যা আদৌ সম্ভব নয়। কারণ, ফসলি জমি নরম। সওজের এই গ্যাঁড়াকলে পড়ে শেষ পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন কাজ আরেক দফা পিছিয়ে যেতে পারে। সূত্র জানায়, চট্টগ্রাম নগরে পানির চাহিদা পূরণে প্রায় ৯৬৩ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। যাতে জাইকরা ৬৩৭ কোটি টাকা জোগান দেওয়ার কথা। বাকি টাকা দেবে সরকার। আর প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০১২ সালের মধ্যে। কাজ শেষ হলে প্রকল্প থেকে দৈনিক ১৩ কোটি ৬০ লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। কিন্তু প্রকল্পের মূল কাজ শুরুর আগে রাঙ্গুনিয়ায় জমি অধিগ্রহণ নিয়ে বিরোধ দেখা দেওয়ায় প্রকল্প দীর্ঘসূত্রতায় পড়ে। এতে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় এক হাজার ৫১০ কোটি টাকা। এখন জমি অধিগ্রহণ শেষে প্রকল্পের কাজ শুরু হলেও শুধু পাইপলাইন বসানো নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সওজ বিভাগের চট্টগ্রাম জেলা উপনির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক মাত্র ছয় মিটার প্রশস্ত। যা থেকে আড়াই মিটার কেটে পাইপলাইন স্থাপনের কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। এ অবস্থায় বাকি সাড়ে তিন মিটার সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্ভব নয়। ফলে সড়ক কেটে পাইপলাইন বসানোর অনুমোদন দেয়নি সওজ বিভাগ। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, পাইপলাইন বসানো নিয়ে ওয়াসা যে পরিসংখ্যান দিয়েছে, তাতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কথা নয়। বরং কাজ শেষে কেটে ফেলা অংশ ভরাট করা হলে সড়ক আরও প্রশস্ত হবে। তার পরও সওজ বিভাগ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার অজুহাত দেখিয়ে পাইপলাইন বসানোর কাজের অনুমোদন দিচ্ছে না। তিনি আরও বলেন, ২০১২ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্যে রাঙ্গুনিয়ায় ও চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে দ্রুতগতিতে কাজ চলছে। কিন্তু সওজের অনুমোদন না পাওয়ায় এ কাজ পিছিয়ে পড়তে পারে।