সড়ক কেটে বসানো হচ্ছে পাইপ লাইন, যানজটে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক কেটে বসানো হচ্ছে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধানাগার প্রকল্পের পাইপ লাইন। ফলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তিন স্থান—বুড়িশ্চর, মদুনাঘাট ও পাহাড়তলী এলাকায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও গাড়িচালকেরা। ওয়াসা সূত্র জানায়, তিন মাস আগে (ডিসেম্বর) হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়। এরপর এক মাস (ফেব্রুয়ারি) শুরু হয়েছে মদুনাঘাট ও রাউজান উপজেলার পাহাড়তলি এলাকার কাজ। তিনটি স্থানে এখন একযোগে কাজ চলছে। কাজ শেষ করতে কমপক্ষে আরও তিন দিন লাগবে বলে জানান ওয়াসার কর্মকর্তারা।কাপ্তাই সড়কের বাসচালক নুরুল ইসলাম (৪৬) জানান, তিন স্থানের প্রতিটিতে উভয়পাশে প্রতিদিন কমপক্ষে চার কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হচ্ছে। একটি জট পার হতে গড়ে ৪৫ মিনিট লাগে। ফলে চন্দ্রঘোনা থেকে বহদ্দারহাট বাসটার্মিনালে যেতে এক ঘণ্টার স্থলে তিন ঘণ্টার বেশি সময় লাগছে।যানজটে পড়ে চট্টগ্রাম শহরে বসবাসকারী সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা কেউ সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতে পারছে না। আর্থিক ক্ষতির শিকার হচ্ছে ব্যবসায়ীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বেসরকারি কলেজের এক অধ্যাপিকা বলেন, চট্টগ্রাম শহর থেকে গত ছয় বছর ধরে আসা-যাওয়ায় কলেজে সঠিক সময়ে উপস্থিতির ব্যত্যয় ঘটেনি। কিন্তু গত তিন মাস ধরে সঠিক সময়ে উপস্থিত হতে পারছি না। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ অসন্তুষ্ট। চাকরিটা হয়তো যাবে। উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও নানা দুর্ভোগের কথা জানান।রোয়াজারহাটের ভোগ্যপণ্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের মালামাল আনতে হয় শহর থেকে। কিন্তু সড়কে যানজটের কারণে বেড়ে গেছে পণ্য পরিবহন খরচ।’ এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, নগরের পানির চাহিদা পূরণে ওয়াসা এক হাজার ৫১০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের অন্য কাজ ৬০ ভাগ এগিয়ে গেলেও রয়ে গেছে কাপ্তাই সড়কে ২৪ কিলোমিটার পাইপ লাইন বসানোর কাজ। ফলে তড়িঘড়ি কাজ করতে গিয়ে যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে ওয়াসা চেষ্টা চালাচ্ছে।