সড়ক ছাড়া কিছুই নেই পারকিতে!
আনোয়ারার পারকি সৈকতের অপরূপ সৌন্দর্য পর্যটকদের কাছে টানে খুব। কিন্তু দিনে এসে দিনেই ফিরতে হয়—তাই সঙ্গে ফেরে রাতে সৈকতের সৌন্দর্য উপভোগ করতে না পারার কষ্টটা। এমন মন্তব্য পারকিতে আসা অধিকাংশ পর্যটকের। এখানে যোগাযোগব্যবস্থার উন্নতি হলেও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়েনি। খাবারের দোকান নিম্নমানের, কোনো আবাসিক হোটেল নেই। নেই বিদ্যুৎও। নিরাপত্তাব্যবস্থাও অপর্যাপ্ত। ফলে সমস্যায় পড়তে হচ্ছে বেড়াতে আসা পর্যটকদের। গত ২১ জানুয়ারি এখানে শিক্ষাসফরে আসেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের আওতাধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিকের বাণিজ্য শাখার শিক্ষার্থীরা। ওই দলের শিক্ষার্থী আয়েশা খানম, ডালিমুর রহমান ও এ কে জুয়েল জানান, পারকিতে আসলে তেমন কিছুই নেই। ভালো রেস্তোরাঁ না থাকায় খাবার বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে। এমনকি শৌচাগারগুলো ব্যবহার করার মতো নয়। ভালো আবাসিক হোটেল ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকলে পারকি আরও আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটকদের কাছে। স্থানীয় লোকজন জানান, প্রতিদিন শত শত মানুষ পারকিতে বেড়াতে আসছেন। তবে বৃহস্পতি ও শুক্রবার লোকসমাগম হয় বেশি। গত বছর পাঁচ লাখ টাকা ব্যয়ে বেড়িবাঁধ থেকে পারকি সৈকত পর্যন্ত সড়কটির উন্নয়ন করা হয়। ফলে যাতায়াতের সমস্যা কেটে যায়। কিন্তু তারপরও সমস্যা অনেক। স্থানীয় লোকজন মনে করেন, ভালো মানের আবাসিক হোটেল গড়ে তোলা হলে পারকিকে দেশের অন্যতম সেরা পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া যাবে। এদিকে সরকারকে নজর দিতে হবে। পারকি সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের মালিক মো. ইসহাক জানান, পারকিতে আগের চেয়ে অনেক বেশি মানুষ বেড়াতে আসছেন, তবে বিক্রি আগের মতো নেই।পারকি সৈকত দোকানমালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাছিম জানান, ‘যোগাযোগব্যবস্থার উন্নতি হলেও পারকি এখনো অনেক অবহেলিত। আমরা সরকারের কাছে পারকির উন্নয়নের দাবি জানাই করি।’আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী প্রথম আলোকে জানান, পারকি দেশের সম্ভাবনাময় সৈকত। শুনেছি পরিবেশ অধিদপ্তর এটির উন্নয়নে প্রকল্প নিচ্ছে।উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সওগাত এ প্রসঙ্গে বলেন, ‘পারকি সৈকতের যে অবকাঠামোগত উন্নয়ন হওয়া দরকার তা এখনো হয়ে ওঠেনি। আমি এ ব্যাপারে পর্যটন মন্ত্রণালয়ে জানিয়েছি।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমেদ জানান, ‘পারকি সৈকতের আইনশৃঙ্খলার উন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বর্তমানে বখাটেদের আনাগোনা অনেক কমে গেছে।’