সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণহানি
এক. সার্জেন্ট ফারুক হোসেন ৫ মার্চ নগরের ব্যস্ততম এলাকা জিইসি মোড়ে দায়িত্ব পালন করছিলেন। জাকির হোসেন সড়কের অংশে একটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজটের সৃষ্টি হয়। তিনি ওই ট্রাকটি সড়কের একদিকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে রাস্তার মোড়ের দিকে ফিরছিলেন। এমন সময় চলন্ত একটি কাভার্ড ভ্যানের লুকিং গ্লাসের অ্যাঙ্গেলের সঙ্গে ধাক্কা লাগে সার্জেন্ট ফারুকের, এতে মাথার পেছনের অংশে মারাত্মক জখম হয়। আঘাতের কারণে মাটিতে পড়ে গেলে কপালও ফেটে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। এক সপ্তাহ পর ১২ মার্চ মারা যান সার্জেন্ট ফারুক। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। তবে কাভার্ড ভ্যান আটক কিংবা গাড়ির চালককে গ্রেপ্তার করা যায়নি। দুই. গত বছরের ২৯ জুন রাতে গরিবউল্লাহ শাহের মাজারের কাছে টহল পুলিশের গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে গাড়ি থেকে ছিটকে পড়েন চান্দগাঁও থানার সহকারী উপপরিদর্শক ফেরদৌস আলম মজুমদারসহ তিন পুলিশ সদস্য। পুলিশের অন্য একটি টহল দল এসে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেন। কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। আর কনস্টেবল শহীদুল্লাহ ও আবুল কালাম আজাদ এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় থানায় মামলা হলেও ট্রাক আটক কিংবা চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিন. রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম এ রউফ সেন্ট্রাল প্লাজায় কেনাকাটার পর মোটরসাইকেলে করে খুলশির বাসায় ফিরছিলেন। জিইসি মোড় এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ২০০৪ সালের ৩০ আগস্ট এ দুর্ঘটনা ঘটে। আদালত সূত্র জানায়, প্রকৌশলী রউফের মৃত্যুর ঘটনায় ট্রাকের চালক মোহাম্মদ হাফিজুর ও সহকারী মোহাম্মদ হানিফকে আসামি করে একটি মামলা হয়। সাক্ষীর অনুপস্থিতির কারণে সাড়ে ছয় বছরেও মামলাটি নিষ্পত্তি হয়নি।নগরে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে। ক্ষতিগ্রস্ত পরিবার কিংবা পুলিশ থানায় মামলাও করছে। কিন্তু বেশির ভাগ মামলার সাক্ষী আদালতে হাজির না হওয়ায় চালকদের শাস্তি হচ্ছে না। অসংখ্য মামলা ঝুলে আছে আদালতে। পুলিশের যানবাহন শাখা সূত্র জানায়, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নগরে ৯১ জন মারা যান সড়ক দুর্ঘটনায়। এসংক্রান্ত মামলা হয় ৮১টি। দুর্ঘটনার কারণ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা চালকদের অসচেতনতা ও পথচারীদের অসাবধানতাকে দায়ী করেন। এ ছাড়া আরও অসংখ্য দুর্ঘটনার তালিকা আছে যানবাহন শাখায়। যেখানে গুরুতর এবং সামান্য আহতের সংখ্যা কয়েক শ হতে পারে। যানবাহন শাখা সূত্র আরও জানায়, ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরে নগরে সড়ক দুর্ঘটনায় মারা যান ৪৬৫ জন। এসংক্রান্ত মামলা হয়েছে ৫৮৬টি। আর বেশির ভাগ দুর্ঘটনা হয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যানের কারণে। অর্থাৎ বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে সাধারণ পথচারী ও কর্তব্যরত পুলিশ সদস্যরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। আদালত সূত্র জানায়, দুর্ঘটনাসংক্রান্ত কয়েকটি মামলা সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। কয়েকজন চালকের কারাদণ্ড হয়েছে। যদিও বেশির ভাগ সাজাপ্রাপ্ত চালক পলাতক আছেন। তবে সাক্ষীদের অনীহার কারণে বেশির ভাগ মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না। আদালত সূত্র আরও জানায়, ২০০০ সালের ২২ মার্চ বিকেলে কোতোয়ালি থানার কবি নজরুল ইসলাম সড়কের ‘নিপুন পাঞ্জাবী’ নামের একটি দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। ১১ বছর পর সম্প্রতি মামলাটি নিষ্পত্তি করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি। তিনি ট্রাকের চালক রতনচন্দ্র দাশকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। ২০০৩ সালের ৩১ জানুয়ারি শহরতলি বালুছড়া এলাকায় আরেকটি দুর্ঘটনায় ১১ তরুণ মারা যান। তাঁরা ফতেয়াবাদে ক্রিকেট খেলার জন্য টেম্পোতে করে শহর থেকে রওনা হন। বালুছড়া এলাকায় রেঞ্জারের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ১১ খেলোয়াড় মারা যান। এ ঘটনায় রেঞ্জারের চালক আবুল কাশেমকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী।আদালত সূত্র আরও জানায়, দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা তিন বছর এবং ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। যা যথেষ্ট নয় বলে আইনজীবীরা মনে করেন। চট্টগ্রাম আদালতের প্রবীণ কৌঁসুলি ও সাবেক সরকারি কৌঁসুলি কফিলউদ্দিন চৌধুরী বিদ্যমান আইন সংশোধন করে নতুন আইন প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের দায় গাড়ির মালিককে নেওয়ার বিধান করা উচিত। কারণ দুর্ঘটনার শিকার পরিবারটির পথে বসার উপক্রম হয়। এটা করা গেলে চালক নিয়োগের ক্ষেত্রে গাড়ির মালিক অত্যন্ত সচেতন থাকবেন। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আছে—এমন চালক নিয়োগের দিকে ঝুঁকে পড়বেন তাঁরা। আর যে কেউ প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়া চালক হতে পারবেন না। এতে মালিক ও চালকের দায়বদ্ধতা বাড়বে। ফলে দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে যাবে।’