সড়ক দুর্ঘটনায় বদলে গেছে অরুণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছরের অরুণিমা আর মা-বাবা—এই ছিল ছোট্ট সংসার। সাজানো–গোছানো, ছিমছাম এই রাজত্বে রাজকন্যা অরুণিমা। বাবা সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরিজিৎ রায় (৫০)। মা দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা দাশ (৪৫)। স্বপ্নের মতোই কেটে যাচ্ছিল অরুণিমার জীবন। কোনো বায়না করে কখনোই ‘না’ শুনতে হয়নি তাকে। আর বাবার সঙ্গে ছিল দারুণ বন্ধুত্ব। ঘুম থেকে উঠেই ‘বাবাই বাবাই’ বলে বাবার কোলে ঝাঁপ দেওয়া ছিল প্রতিদিনের রুটিন।

কিন্তু আর কোনো দিনও অরুণিমার ‘বাবাই’ বলে ডাকা হবে না। মাকে আবদার করে বলা হবে না, ‘আজ আমি পায়েস খাব।’

৭ জুন সিলেটের মাদানীনগর এলাকায় মা–বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অরুণিমা রায়। কিন্তু তার স্কুলে যাওয়া হয়নি। বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অরুণিমাদের বহনকারী অটোরিকশার। এতে ঘটনাস্থলেই নিহত হন অরুণিমার বাবা। মাকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। অরুণিমাও আহত হয় মারাত্মকভাবে। পুরো মুখ থেঁতলে যায় তার। ভেঙে যায় একটি হাত। অরুণিমা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

অরুণিমা এখন কার আশ্রয়ে থাকবে, সেটা নিয়ে পরিবারে শুরু হয়েছে একধরনের নীরব দ্বন্দ্ব। তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে অনেকটাই। শুধু তা–ই নয়, এই দুর্ঘটনা অরুণিমার ছোট্ট মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। প্রথমদিকে মা-বাবার জন্য চিত্কার-চেঁচামেচি-কান্নাকাটি করত অরুণিমা। তারপর কয়েক দিন বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করেছে। তবে এখন একদম চুপচাপ হয়ে গেছে সে।

এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, শিশুটি দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী। ও চোখের সামনে বাবাকে মারা যেতে দেখেছে, মাকে মুমূর্ষু অবস্থায় দেখেছে। বারবার ওই ঘটনা ওর মনে পড়বে। শিশুটি বর্তমানে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। এখনই ওর কাউন্সেলিং দরকার। কারণ, ঘটনার ২৮ দিন পার হয়ে গেলে দুর্ঘটনা–পরবর্তী মানসিক বৈকল্য দেখা দেয়, যা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নামে পরিচিত। যার প্রভাব শিশুটিকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।

এমন ঘটনা কেবল অরুণিমার জীবনেই নয়; প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। স্বজনেরা হারিয়ে ফেলছে তার প্রিয়জনকে। কেউবা মেনে নিচ্ছে পঙ্গুত্ব।

বাংলাদেশের প্রেক্ষাপটে সড়ক দুর্ঘটনা যেন খুব স্বাভাবিক বিষয়! বাংলাদেশ সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন-২০১৫ অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় সারা দেশে ২০১৫ সালে সাড়ে আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ২১ হাজারের বেশি। আর চিরতরে পঙ্গু হয়েছে প্রায় দেড় হাজার মানুষ। প্রতিবেদনটি প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

এতে জানানো হয়, ২০১৫ সালে যাত্রী, চালক ও পরিবহনশ্রমিক মিলে ৩০ হাজার ৪৯৭ জন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনায় বেশির ভাগ পরিবারেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলো দরিদ্রের কাতারে নেমে এসেছে। এতে যে কেবল পরিবারের আর্থিক অবস্থার বিপর্যয় ঘটে তেমনটি নয়। এতে পরিবারের বেঁচে থাকা মানুষগুলোও অসহায় হয়ে পড়ে। যখন একটি পরিবারের সবাই নিহত হয় অথবা একটি শিশু বেঁচে থাকে, তার অসহায় জীবন সহজেই অনুমেয়।

সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ১৪টি কারণ চিহ্নিত করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে ফুটপাত দখল, ওভার টেকিং, ওভার স্পিড, ওভার লোড, হেলপার দিয়ে গাড়ি চালানো, অদক্ষ চালক, রাস্তাঘাটের নির্মাণত্রুটি, গাড়ির ইঞ্জিনে ত্রুটি, চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোনে কথা বলা বা ইয়ারফোন ব্যবহার করা, রাস্তা পারাপারে মানুষের অসতর্কতা, ট্রাফিক আইন না মানা অন্যতম।