সড়ক দেবে যাচ্ছে নির্মাণের এক বছরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া-লোগাং-পানছড়ি সড়ক উন্নয়নের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। সড়কটি নির্মাণ করার সময় বালুর বদলে মাটি ব্যবহার করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ফলে নির্মাণের এক বছর যেতে না যেতেই সড়কটি দেবে যেতে বসেছে।৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের সদস্য জ্ঞান প্রকাশ চাকমা বলেন, ‘রাস্তাটি নির্মাণের সময় বালুর বদলে মাটি ব্যবহার করা হয়েছে। বর্তমানে সড়কটি দেবে গেছে ও বিভিন্ন স্থানে গর্ত দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে এই সড়ক যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়বে।’সরেজমিনে পরিদর্শন ও অনুসন্ধানে জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তর দীঘিনালা-বাবুছড়া-লোগাং-পানছড়ি সড়ক উন্নয়নে তিন কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে। দরপত্র আহ্বানের পর সড়ক উন্নয়নের কাজ পায় মেসার্স রাঙামাটি ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা গেছে, দরপত্রের শর্তে বালু ব্যবহারের কথা রয়েছে এবং প্রতি ঘনফুট বালুর দাম ধরা হয়েছিল সাত টাকা করে। অথচ সড়কে কোনো বালুই ব্যবহার করা হয়নি বলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ চাকমা জানান, তিনি এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করলেও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।ধনপাতা এলাকার অরুণ কুমার চাকমা, মধুমিতা চাকমা ও সুর বিজয় চাকমাসহ গ্রামবাসী জানান, রাস্তার কাজ শুরুর পর তাঁরা বালু আনতে দেখেননি। গাড়িতে করে পাহাড় থেকে মাটি এনে পাথরের সঙ্গে মিশিয়ে রাস্তার কাজ করা হয়েছে। গ্রামবাসী বাহুদেব চাকমা জানান, ‘আমার পাহাড় থেকে এই রাস্তা তৈরির জন্য প্রতি ট্রাক ৫০ টাকা দরে মাটি নেওয়া হয়েছে। ৮০০ ট্রাক মাটি নেওয়া হয়েছে সড়কের কাজে।’এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগ খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ‘কাজটি গত বছর শেষ হয়েছে, ঠিকাদারও চলে গেছেন। কাজের দায়িত্বে থাকা উপবিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর আলম এখন অবসরে। তাই সড়কের কাজে বালুর বদলে মাটি ব্যবহার করা হয়েছে কি না, আমি জানি না।’সড়কের কাজে নিয়োজিত ছিলেন শ্রমিক সুরুজ মিয়া, মো. জাহাঙ্গীর, আইয়ুব ও বজলুর রহমান। তাঁরা জানান, পাহাড় কাটা মাটি ব্যবহার করে রাস্তা তৈরি করা হয়েছে। এ কাজে সওজের প্রকৌশলীরাও বাধা দেননি।