সড়ক নাকি চষা জমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইট বিছানো সড়কে ইটের চিহ্নই নেই। মাতারবাড়ী-ধলঘাট সড়কে প্রায় সময় এভাবে কাদায় আটকে যায় যানবাহন। ছবিটি গতকাল দুপুর ১২টায় রাজঘাট এলাকা থেকে তোলা l প্রথম আলো
ইট বিছানো সড়কে ইটের চিহ্নই নেই। মাতারবাড়ী-ধলঘাট সড়কে প্রায় সময় এভাবে কাদায় আটকে যায় যানবাহন। ছবিটি গতকাল দুপুর ১২টায় রাজঘাট এলাকা থেকে তোলা l প্রথম আলো

মহেশখালীর মাতারবাড়ী-ধলঘাট সড়ক। ১২ কিলোমিটারের ইট বিছানো সড়কটির আট কিলোমিটারেই এখন ইটের চিহ্ন নেই। ফলে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। গত ২৫ জুন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে যায় সড়কটি। আড়াই মাস পেরিয়ে গেলেও এটি এখনো সংস্কার করা হয়নি।
কক্সবাজারের মহেশখালী উপজেলার ৩১২ কিলোমিটার সড়কের প্রায় ৬০ কিলোমিটারই এখন ভাঙা। এসব সড়কের ওপর চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ।
৩ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, গোরকঘাটা-শাপলাপুর সড়কের দক্ষিণকূল, উত্তরকূল, বড়খোলা, কায়দাবাদ ও বারিয়ারপাড়ায় ১৫টি স্থানে ভেঙে গেছে। মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের মাঝখানে আটটি স্থানে ভেঙে গিয়ে ডোবার মতো হয়ে আছে। এ ছাড়া কুতুবজোম, কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, হোয়ানক, বড় মহেশখালী ও ছোট মহেশখালী ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কগুলোও বেহাল।
মাতারবাড়ীর মগডেইল বাজারের মুদির দোকানি দেলোয়ার হোছাইন বলেন, আড়াই মাস ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয় লোকজনের পাশাপাশি ব্যবসায়ীদেরও ভোগান্তি বেড়েছে। সড়ক বিচ্ছিন্ন থাকার কারণে নদীপথে মালামাল আনতে গিয়ে অতিরিক্ত পরিবহন খরচ দিতে হচ্ছে।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, সড়ক এতটাই ভাঙা যে হেঁটে চলাচলও কষ্টকর হয়ে পড়েছে।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক বলেন, গোরকঘাটা-শাপলাপুর সড়কের আটটি স্থানের পাশাপাশি পাঁচটি গ্রামীণ সড়ক ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগের শেষ নেই। তাই জরুরি ভিত্তিতে গ্রামীণ সড়কগুলো সংস্কারের ব্যাপারে উপজেলার মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানায়, গত ২৫ জুন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার গোরকঘাটা-শাপলাপুর ও জনতাবাজার এবং গোরকঘাটা-ঘটিভাঙা সড়কের ৩০ কিলোমিটারের মধ্যে ১০ কিলোমিটার সড়ক ভেঙে গেছে। আর আট ইউনিয়নের ১৬৭টি গ্রামীণ সড়কের ২৮২ কিলোমিটারের মধ্যে ভেঙে গেছে ৫০ কিলোমিটার।
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিউল আলম বলেন, গ্রামীণ সড়কগুলো কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি) ও টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের মাধ্যমে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বলেন, ভাঙা সড়ক সংস্কারের জন্য অন্তত ৩০ কোটি টাকা বরাদ্দ চেয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।