সড়ক নিরাপদ করার উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে নিরাপদ সড়কের বড় বাধা হচ্ছে সড়ক ও ফুটপাত দখল। পাশাপাশি চালকদের সিগনাল বাতি অমান্য করা, বেপরোয়া গাড়ি চালানো এবং ত্রুটিপূর্ণ গতিরোধকের কারণেও দুর্ঘটনা বাড়ছে। কিন্তু এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোর বড় কোনো উদ্যোগ চোখে পড়েনি।নগরের বেশকিছু এলাকায় যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ ফুটপাত ও সড়ক দখল। নিউমার্কেট, আমতল, রিয়াজ উদ্দিন বাজার ও পোর্ট কানেকটিং সড়ক এলাকায় সড়ক-ফুটপাত দখল করে কেনাবেচা চলে। এসব এলাকায় গাড়ির গতি কম থাকে। পথচারীরা ফুটপাতে জায়গা না পেয়ে হাঁটেন সড়কের ওপর দিয়ে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।দখলের বাইরেও নিরাপদ সড়কের ক্ষেত্রে কিছু অন্তরায় চিহ্নিত করেছে পুলিশের যানবাহন শাখা। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিগন্যাল বাতি না থাকা ও থাকলেও চালকদের না মানা। খোঁজ নিয়ে জানা গেছে, শহরে সড়ক দুর্ঘটনার সিংহভাগই ঘটে বাদামতলী থেকে সিমেন্ট ক্রসিং এলাকায়। সিগন্যাল বাতি না থাকায় এ সড়কে চালকরা দ্রুত ও বেপরোয়াভাবে গাড়ি চালান। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। তা ছাড়া সড়কে ত্রুটিপূর্ণ গতি নিয়ন্ত্রক স্থাপনের কারণেও অকারণ দুর্ঘটনা হচ্ছে নগরের সড়কগুলোতে। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, বিশ্বকাপের আগেই আমরা নগরের অন্তত ১৭টি পয়েন্টে সিগন্যাল বাতি লাগানো হয়েছে। ভবিষ্যতে তহবিল পাওয়া গেলে আরও অন্তত ১০টি পয়েন্টে সিগন্যাল বাতি নতুন করে লাগানো হবে। এদিকে সড়ক দখলমুক্ত করার জন্য বিভিন্ন সময় অভিযান চালানো হলেও বেশির ভাগ এলাকায় দখল স্থায়ী রূপ নিয়েছে। হকার ও ভ্রাম্যমাণ বিক্রেতার মতো স্বল্প পুঁজির ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও বিত্তবান দখলদারদের বিরুদ্ধে কোনো অভিযানই নেই। চট্টগ্রাম মহানগর পুলিশের যানবাহন শাখার সহকারী কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, ‘নগরের দেওয়ানহাট থেকে চৌমুহনী পর্যন্ত শেখ মুজিব সড়কের দুই পাশে মোটরগাড়ির যন্ত্রপাতি লাগানোর জন্য কয়েক সারিতে সারা দিনই গাড়ি পার্ক করে রাখা হয়। এর ফলে এই এলাকায় যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সড়কটি দখলমুক্ত করার ব্যাপারে সিটি করপোরেশন চাইলে পুলিশ বিভাগ সহযোগিতা করবে।’ সরেজমিনে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গিয়ে দখলের বিষয়টি চোখে পড়ে। পোর্ট কানেকটিং সড়কে নগরের অভ্যন্তরীণ যানবাহনের চাপ কম থাকলেও যানজট লেগেই থাকে। এই সড়কের দুই পাশ মালবাহী ভারী ট্রাকের দখলে থাকে অধিকাংশ সময়। মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত ব্যস্ত মহাসড়কের দুই পাশে আশপাশের বিভিন্ন কারখানার যন্ত্রপাতি রাখা হয়েছে।