সড়ক নয়, যেন কসাইখানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলীর দক্ষিণ পারে চরপাথরঘাটা এলাকার পুরোনো ব্রিজঘাট-ফেরিঘাট সড়ক চরপাথরঘাটা, চরলক্ষ্যাসহ কয়েকটি ইউনিয়নের প্রধান সড়ক। প্রতিদিন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ওই সড়কের ওপরই চলছে গরু, মহিষ, ছাগল জবাই। এলাকার প্রধান সড়ক উন্মুক্ত কসাইখানা হিসেবে ব্যবহূত হওয়ায় এ পথে চলাচলকারী ৩০ থেকে ৪০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এ ছাড়া জবাই করা পশুর রক্ত ও বর্জ্যে পরিবেশদূষণ মারাত্মক হয়ে উঠছে—অভিযোগ স্থানীয় ব্যক্তিদের।সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। অন্যপাশে সড়কের ওপর চলছে পশু জবাইয়ের কাজ। জবাই করা পশুর নাড়িভুঁড়িসহ বর্জ্য ফেলা হয় সড়কের পাশে খোলা জায়গায়। দুর্গন্ধে পুরো এলাকায় চলাচল দায় হয়ে পড়ে। ইউনিয়ন পরিষদকে নিয়মিত পশু জবাই কর পরিশোধ করে এবং অনুমোদন নিয়ে সড়কের ওপর পশু জবাই করছে বলে দাবি কসাইদের। তবে এভাবে কর নিলেও কোনো কসাইখানা তৈরি করেনি স্থানীয় ইউনিয়ন পরিষদ।স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী আবুল কাশেম বলেন, ‘এ পথে চলাচলকারী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ব্যস্ততম সড়কের ওপর পশু জবাই বন্ধ এবং পরিবেশদূষণরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার নির্দিষ্ট ও স্থায়ী কসাইখানা নির্মাণের দাবি জানিয়ে আসছি। কিন্তু তারা কোনো উদ্যোগ নিচ্ছে না।’পুরোনো ব্রিজঘাট বাজারের ব্যবসায়ী এরশাদ আহমদ বলেন, মাসের পর মাস সড়কের পাশে পড়ে থাকা জবাইকৃত পশুর রক্ত, নাড়িভুঁড়িসহ বর্জ্যে দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে। বৃষ্টির পর রোদ ওঠার সঙ্গে সঙ্গে এর তীব্রতা ক্রমেই বাড়তে থাকে। তখন এ এলাকায় থাকা কঠিন হয়ে পড়ে। কসাই মো. জাবের ও মহিউদ্দিন বলেন, ‘ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ প্রতিদিন আমাদের থেকে প্রতিগরু, মহিষ জবাইয়ের জন্য ২০০ টাকা করে কর নিলেও কোনো কসাইখানা তৈরি করছে না। ফলে আমাদের অনেকটা বাধ্য হয়ে সড়কে পশু জবাই করে ব্যবসা চালাতে হচ্ছে। তাঁরা আরও বলেন, এভাবে সড়কে পশু জবাই করতে আমরাও চাই না। আমরা স্থায়ী কসাইখানা নির্মাণের দাবি জানাচ্ছি।’ সড়কের ওপর পশু জবাইয়ের কথা স্বীকার করে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমদ বলেন, কসাইখানার অভাবে সড়কের ওপর পশু জবাইয়ের ফলে এলাকার লোকজনকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই পরিষদের উদ্যোগে স্থায়ীভাবে নির্দিষ্ট কসাইখানা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।