সড়ক নয় যেন জলাশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও ইট-সুরকি পর্যন্ত নেই। ১০-১২ গজ অন্তর বড় বড় গর্ত। কিছু স্থানে গর্ত রূপ নিয়েছে ছোট জলাশয়ে। বৃষ্টি নেই তারপরও জমে আছে পানি। এর মধ্যে চলাচল করছে স্থানীয় লোকজন। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) মোড় থেকে কলসী দীঘির পাড় হয়ে বাকের আলী ফকিরের টেক পর্যন্ত সড়কের এমন বেহালদশা।স্থানীয় লোকজন জানান, চান্দরপাড়া, আনন্দবাজার ও দক্ষিণ-মধ্যম হালিশহরের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। বিশেষ করে ইপিজেডের বিভিন্ন কারখানার অধিকাংশ শ্রমিক যাতায়াত করে এ সড়ক দিয়ে। কিন্তু কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখন গাড়ি তো দূরের কথা হেঁটে চলতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক সংস্কারের জন্য এলাকাবাসী লিখিতভাবে জানিয়েছে। তাতেও কোনো কাজ হচ্ছে না।স্থানীয় বাসিন্দা এম এ আজিজ বলেন, ‘রাস্তার দুরবস্থার কারণে দুর্ঘটনার ভয়ে কোনো রিকশা বা ট্যাক্সি এই রোডে আসতে চায় না। এলেও ভাড়া নেয় দ্বিগুণ-তিনগুণ।’ সরেজমিনে দেখা গেছে, সড়কের চার কিলোমিটার অংশে কোথাও পিচ নেই। ছোটবড় গর্তে জমে আছে পানি। যানবাহন চলছে হেলেদুলে। কিছু কিছু স্থানে কাদায় ভরা। সড়ক সংস্কারের দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘সড়ক সংস্কারের জন্য কয়েকবার সিটি মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধিদের স্মারকলিপি দেওয়া হয়েছে। তাঁরা আশ্বাস দিলেও এখনো কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।’ সড়কের দুরবস্থার কারণে মানুষের কষ্ট হচ্ছে এ বিষয়টি স্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. চৌধুরী বলেন, সিটি করপোরেশন সড়ক সংস্কারের জন্য সাতজন ঠিকাদারের আওতায় ৩০ লাখ টাকা করে মোট দুই কোটি ১০ লাখ টাকার দরপত্র পাস করেছে। কিন্তু ওয়ার্ক অর্ডার না হওয়ায় ঠিকাদারেরা কাজ করতে পারছেন না। তবে শিগগির সড়ক সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।