সড়ক নয় যেন জলাশয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের বেশির ভাগ স্থানে পিচ উঠে গিয়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কিছু স্থানে ইট-সুরকি পর্যন্ত নেই, বেরিয়ে পড়েছে মাটি। বড় বড় গর্তে জমে আছে পানি। চারদিকে কাদাপানিতে একাকার। তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী-সুগার মিল সড়কের এমনই করুণ হাল এখন।স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী উপজেলার সুগার মিল থেকে কাউখালী পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটারজুড়ে খানাখন্দে ভরা সড়কটি। প্রতিদিন ভোগান্তি সয়ে এই সড়ক দিয়ে বেতবুনিয়া ও কলমপতি ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়, দুটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, বেতবুনিয়া উচ্চবিদ্যালয়, কাউখালী সদরে অবস্থিত পোয়াপাড়া উচ্চবিদ্যালয় এবং কাউখালী কলেজের চার হাজারেরও বেশি শিক্ষার্থীসহ ৪০ হাজার মানুষ যাতায়াত করে। এ ছাড়া উপজেলার প্রত্যন্ত এলাকায় উৎপাদিত শাকসবজি, ফলমূলসহ নানা রকম কৃষিপণ্য এই সড়ক দিয়ে পরিবহন করে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সুগার মিল থেকে কাউখালী সদর পর্যন্ত অংশের পিচ সম্পূর্ণ উঠে গিয়ে ইট-সুরকিও নেই। সৃষ্টি হয়েছে বড় গর্তের। প্রতিটি গর্ত তিন থেকে চার ফুট পর্যন্ত বিস্তৃত। কোথাও কিনারার মাটি সরে গিয়ে সড়ক ভেঙে সরু হয়ে গেছে। এসব অংশে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায় সময় আটকে যাচ্ছে। বিশেষ করে পোয়াপাড়া, ছোটডলু, উত্তর নাইল্যাছড়ি ও মধ্য নাইল্যাছড়ি এলাকায় সড়কের অবস্থা খুবই নাজুক। সুগার মিল এলাকার বাসিন্দা হাফিজুর রহমান ও শিক্ষক আবু তালেব জানান, তারাবুনিয়া থেকে সুগার মিল পর্যন্ত সড়কের দুই পাশে ১০-১২টি ইটভাটা রয়েছে। এখান থেকে প্রতিদিন প্রায় ২৫ টন ওজনের বিপুলসংখ্যক ট্রাক ইট পরিবহন করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। এ কারণে সড়কের এই করুণ অবস্থা।তারাবুনিয়া এলাকার ইটভাটার মালিক আবদুর রউফ বিষয়টি স্বীকার করে বলেন, সড়কটির দুরবস্থার জন্য ইটভাটার ইট পরিবহন করা ট্রাকগুলো কিছুটা দায়ী। তবে বিকল্প পথ না থাকায় ইট পরিবহনে সড়কটি ব্যবহার করতে হচ্ছে।এ প্রসঙ্গে সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাউখালী উপজেলা প্রকৌশলী শচীদুলাল বিশ্বাস বলেন, সড়কটি পাঁচ টন ওজনের যানবাহন চলাচলের উপযোগী। এর বেশি ওজনের ট্রাক না চালানোর জন্য ইটভাটাগুলোকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কেউ কোনো কথা শোনে না। সড়কে এখন ইটবাহী ২৫ টন ওজন পর্যন্ত ট্রাক চলাচল করছে। বিষয়টি উপজেলার মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন পাঁচ টনের বেশি ভারী যানবাহন চলাচল বন্ধে সড়কের দুই মাথায় লোহার খুঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, সড়কটির সংস্কারকাজ চলছে। সুগার মিল অংশে এক কিলোমিটার সড়কের পুনর্বাসনের কাজ বৃষ্টির জন্য থেমে আছে। বৃষ্টির পর সাত কিলোমিটার অংশের সংস্কারকাজ করা হবে। এ ছাড়া ৮০০ মিটার সড়কের সংস্কারকাজের জন্য প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে প্রতিবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে পুরো সড়ক পর্যায়ক্রমে সংস্কার করা হবে।