সড়ক পরিষ্কার করল সানশাইনের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও হাতে ঝাঁটা, কারও হাতে ঝুড়ি। কেউ ঝাড়ু দিচ্ছিল, কেউ বা ঝুড়িতে ময়লা তুলে রাখছিল। এমন একটা কাজ পেয়ে আনন্দে আত্মহারা সবাই। হাসি-ঠাট্টা, হই-হুল্লোড়ের কমতি নেই। এর মধ্যে চলছিল রাস্তা পরিষ্কারের কাজ।সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এভাবেই গত মঙ্গলবার তাদের বিদ্যালয়ের আশপাশের রাস্তাগুলো পরিচ্ছন্ন করতে অভিযানে নামে। নাগরিক সচেতনতা বাড়ানোর জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় যানবাহনের চালকদের হর্ন না বাজানোর জন্য এবং সুশৃঙ্খলভাবে গাড়ি পার্ক করার অনুরোধ জানায়। সানশাইনের নিয়মিত সামাজিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত হয়েছে কার্যক্রম। বিদ্যালয়ের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান জানান, ‘সকাল নয়টায় নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১ নম্বর সড়কে এ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন দলে বিভক্ত হয়ে সানশাইন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের দুই পাশের আবর্জনা পরিষ্কার করে। একই সঙ্গে সড়কে ট্রাফিক-সচেতনতা কার্যক্রমও চালায় শিক্ষার্থীরা।’বিদ্যালয়ের এ লেভেলের ছাত্র ওমর ফারুক জানায়, ‘আমরা একটু সচেতন হলেই চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন থাকে। এই সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান।’ওমর ফারুক ও তার সহপাঠীরা যখন ঝাড়ু দিচ্ছিল তখন পথচারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।সানশাইন কমিউনিটি সার্ভিসের সমন্বয়কারী রাশেদুর রহমান বলেন, ‘এই কর্মসূচিতে প্রায় শ খানেক শিক্ষার্থী অংশ নিয়েছে। নগরের বিভিন্ন সড়কে সানশাইনের শিক্ষার্থীরা ভবিষ্যতে পরিচ্ছন্নতা অভিযান চালাবে। তিনি আরও জানান, সানশাইন কমিউনিটি সার্ভিসের আওতায় সানশাইন গ্রামার স্কুল বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, যার মধ্যে দরিদ্রদের চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ, ট্রাফিক সচেতনতা কার্যক্রম, মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান উল্লেখযোগ্য। ১৯৯০ সাল থেকে সানশাইন গ্রামার স্কুলের তত্ত্বাবধানে ফিরিঙ্গি বাজার দোভাষ ভবনে একটি ফ্রি ফ্রাইডে ক্লিনিক চলছে। দরিদ্র লোকজনকে বিনা মূল্যে চিকিৎসার পাশাপাশি এ ক্লিনিক থেকে বিনা মূল্যে ওষুধও সরবরাহ করা হয়।