সড়ক বিভাজকে ঘুম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাইত না হইলে তো ফুটপাতগুলান ফ্রি পাওন যায় না। তাই রাস্তার মাঝখানের ডিভাইডারগুলানই ভরসা।’ কথাগুলো বলে আবার শুয়ে পড়ল আট-নয় বছরের ছেলেটি, সেই সড়ক বিভাজকেই (ডিভাইডার)। সম্প্রতি জিইসি মোড়ের সড়ক বিভাজকের ওপর এক ঘুম দিয়ে হাই তুলছিল সে। গাড়ির সারি পেরিয়ে কাছে গিয়ে বললাম, ‘শহরে এত জায়গা থাকতে সড়ক বিভাজকে কেন ঘুমিয়েছ? দুই পাশে গাড়ি ছুটছে, প্রাণের মায়া নেই!’ এ প্রশ্নে প্রথমে একচোট হেসে নিল সে, তারপর বলল ‘আরে, এই সব কী বলেন? আমগো হইবো এক্সিডেন্ট? শুইয়্যা শুইয়্যা অভ্যাস অই গ্যাছে গা। বুঝবার পারি, কেমনে শুইলে এক্সিডেন্ট হইব না। তবে মাঝেমধ্যে পুলিশ গুলান বেশ ঝামেলা করে।’ জানা গেল, ছেলেটির নাম ইউসুফ। ফুটপাতই তাদের ঠিকানা। মাকে নিয়ে রাতে ফুটপাতে থাকে। দিনে কাগজ কুড়ায়। ক্লান্ত হলে সড়ক বিভাজকে ঘুমিয়ে পড়ে। ইউসুফের মতো সড়ক বিভাজকে ঘুমান নানা বয়সী ছিন্নমূল মানুষ। দিনে ফুটপাতে লোকজনের হাঁটাচলা বেশি থাকে। এতে ঘুমের সমস্যা হয়। তাই সড়ক বিভাজককেই ঘুমের জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নেন তাঁরা। ওয়াসা এলাকায় রহিমা বেগম বললেন, ‘স্বামী আমারে থুইয়া অন্য জায়গায় গ্যাছে গা। একটা তিন বছরের পোলা আছে। এইখানে ভিক্ষা কইর্যা চলন লাগে। বস্তিত থাকতে গেলে ট্যাকা লাগে। অত ট্যাকা কই পামু? তারথন রাস্তাই ভালা, টাকা পয়সা লাগে না।’ সড়ক বিভাজকে ঘুমাতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হন। তেমনই একজন মালেকা বানু। এক দুর্ঘটনায় নিজে বেঁচে গেলেও হারিয়েছেন দুই বছরের শিশুকে।কীভাবে ঘটল দুর্ঘটনা?মালেকা বানু জানান, রাস্তার বিভাজকগুলোতে থাকতেন তিনি। কোনোদিন জামালখানে কোনোদিন আমতলায়। একদিন পুরোনো স্টেশনের সড়ক বিভাজকে দুই বছরের শিশুকে রেখে কাগজ কুড়াতে গিয়েছিলেন তিনি। শিশুটি মাকে না দেখে হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে আসে। উল্টো দিক থেকে আসা বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। খবর পেয়ে তিনি সন্তানকে হাসপাতালে নিয়ে যান, চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ রকম দুর্ঘটনা নাকি প্রায় ঘটে। এরপরও নিশ্চিন্তে সেখানেই ঘুমান ছিন্নমূল মানুষগুলো। তাঁদের কাছে এটাই ঘর, এটাই আশ্রয়।