
সড়কের প্রায় ৪০ ফুটের মতো ভেঙে পড়েছে পাশের খালে। ভাঙন ঠেকানোর জন্য দেওয়া হয়েছে বালুর বস্তার বাঁধ। তা–ও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ি। এ চিত্র চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালীর আপেল আহম্মদ টেক এলাকার। এ ছাড়াও সড়কের বোয়ালখালী অংশের পাঁচ কিলোমিটারের কয়েকটি স্থান রায়খালী খালের ভাঙনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, আরাকান সড়কের আপেল আহম্মদের টেক, আমতল, ফুলতল ও লেজ্জাকাটা বিল এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। এসব স্থানে পাশের রায়খালে সড়ক ভেঙে পড়ছে। এর মধ্যে কিছু শ্রমিককে আপেল আহম্মদ টেকের ভাঙা অংশ মেরামত করতে দেখা যায়।
তবে ভাঙন ঠেকানোর সাময়িক এই ব্যবস্থার পরও ঝুঁকি কমেনি বলে জানান ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।
সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ আজম বলেন, আপেল আহম্মদ টেক এলাকায় এখন দ্বিমুখী যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খালের পাশের অংশ ভেঙে যাওয়ায় রাস্তাটি সরু হয়ে পড়েছে। যদি ভাঙা অংশ দিয়ে বড় ট্রাক চলাচল করে তাহলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।
টেম্পোচালক মো. রিপন বলেন, আপেল আহম্মদ টেক এলাকা পার হওয়ার সময় ভয়ে থাকি। অন্য কয়েকটি স্থানেও সড়কটি ভেঙে গেছে। দ্রুত স্থায়ী মেরামত না করলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
পাঁচ-ছয়টি স্থানে এভাবে খালের জন্য রাস্তা ভেঙে যাওয়ার পাশাপাশি গর্তও রয়েছে বেশির ভাগ অংশে। কিছু অংশ ফেটে একেবারে চৌচির। এই সড়ক দিয়ে বোয়ালখালী, পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যাতায়াত করা যায়।
জানতে চাইলে বোয়ালখালীর পৌর মেয়র আবুল কালাম বলেন, ‘সড়কটির দুরবস্থার কথা আমরা সংশ্লিষ্ট বিভাগকে অনেক আগেই অবহিত করেছি। কিন্তু তাঁরা এখনো কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে।’
এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল আহমদ মিয়া বলেন, সাময়িকভাবে কয়েকটি স্থানে মেরামতকাজ চলছে। তবে সড়ক সংস্কারে এখনো বড় অঙ্কের বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ না পাওয়া পর্যন্ত এভাবেই মেরামত করে ভাঙন ঠেকাতে হবে।