সড়ক ভেঙে খালে, ভোগান্তিতে হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাসান নগর সড়কের একাংশ খালের ভাঙনে পড়ায় ভোগান্তি বেড়েছে চারটি গ্রামের মানুষজনের। চার কিলোমিটারের এই সড়কে ইট বিছানো হয় ২০০০ সালে। এরপর থেকে আর সংস্কার করা হয়নি। রক্ষাণাবেক্ষণের অভাবে সড়কটি পাশের গোলক কাটিমা খালে বিলীন হতে চলেছে।

১১ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিজিপি ক্যাম্পের পাশের সড়কটি ভেঙে গোলক কটিমা খালে পড়েছে। সড়কের ওই অংশ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না।

স্থানীয় বাসিন্দারা বলেন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হাসান নগর, গোলক কটিমা, রাঙাপানি ছড়া গ্রামের ১২ হাজার লোকের একমাত্র যাতায়াতের সড়ক এটি। পাশের ২০ বিজিবি ক্যাম্প থেকে বর্ষার আগে রাস্তার ভাঙন রোধ করার জন্য সংস্কার করা হয়েছিল কিন্তু
কিছুদিন আগে বর্ষার সময় পানি বৃদ্ধি পেলে সড়কটিতে আবার ভাঙন দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা নূর হোসেন বলেন, সড়কটি ভাঙার কারণে গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে অসুবিধায় পড়তে হয়। গত মাসে গাড়ি আসতে না পারার কারণে প্রসূতি রোগীকে হাসপাতালে নিতে দেরি হলে তিনি রাস্তায় মারা যান।

হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামল চাকমা বলেন, ‘গাড়ি না আসার কারণে দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। এত দূর হেঁটে এসে ক্লাস নিতে অসুবিধা হয়। তা ছাড়া ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে ছোট শিশুরা বিদ্যালয়ে আসে।’

হাসান নগর গ্রামের বাসিন্দা ও শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের (ভটভটি) চালক ফোরকান হোসেন বলেন, ‘আমাদের গ্রামে আমরা যারা গাড়ি চালাই, তাঁরা কেউই আর গাড়ি গ্রামে নিয়ে যেতে পারি না। পাশের গ্রামে গিয়ে গাড়ি রাখতে হয়।’

হাসান নগর গ্রামের কৃষক মো. মোস্তফা বলেন, ‘আমাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে। বিকল্প কোনো সড়ক থাকলেও অসুবিধায় পড়তে হতো না। অনেক সময় উৎপাদিত পণ্য নষ্ট হয়ে যায়।’

পানছড়ি উপজেলা প্রকৌশলী মো. আইয়ুব আলী বলেন, ‘ভাঙা সড়কের ব্যাপারে আমরা অবগত নই। তা ছাড়া এটি সংস্কারের কোনো তহবিলও নেই। ইউনিয়ন পরিষদ সাধারণত গ্রামীণ এসব সড়ক সংস্কার করে থাকে।’

পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, ‘হাসান নগর, গোলক কটিমা, রাঙাপানি ছড়া গ্রামের একমাত্র চলাচলের সড়ক এটি। সড়কটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের এত বড় বাজেট নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটি সংস্কারে আহ্বান জানাই।’