সড়ক ভেঙে নদে, গাড়ি চলাচল বন্ধ তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ায় ডলু নদের ভাঙনে ধসে গেছে আলীনগর–গাঙরমুখ সড়ক l প্রথম আলো
সাতকানিয়ায় ডলু নদের ভাঙনে ধসে গেছে আলীনগর–গাঙরমুখ সড়ক l প্রথম আলো

সাতকানিয়া উপজেলায় পশ্চিম ঢেমশার আলিনগর-হাঙরমুখ সড়কে যানবাহন চলাচল বন্ধ তিন মাস ধরে। গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বর্ষণে ইছামতী এলাকায় সড়কের একাংশ ধসে বিলীন হয়ে গেছে লাগোয়া ডলু নদে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় ১৫০ মিটার নদে বিলীন হয়ে গেছে। ওই অংশে হেঁটে পার হচ্ছেন স্থানীয় লোকজন। এ ছাড়া আরও কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে।
সড়কে চলাচলকারী ইছামতী, রোজমরপাড়া ও আলীনগর এলাকার বাসিন্দারা জানান, এই সড়কে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ও রিকশা চলাচল করত। সড়ক ভেঙে যাওয়া গাড়ি চলাচল বন্ধ। ফলে সাতকানিয়া সদর ও চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য প্রায় দেড় কিলোমিটার দূরের বিকল্প সড়ক দিয়ে যেতে হচ্ছে। এতে এলাকার লোকজনের অতিরিক্ত গাড়িভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি সময়ও লাগছে বেশি। তা ছাড়া কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়াও সম্ভব হয় না।
ইছামতী এলাকার বাসিন্দা আবদুল মান্নান (৪৩) ও আলীনগর এলাকার বাসিন্দা মোজাফ্ফর আহমদ (৩৮) জানান, তিন মাস পেরিয়ে গেলেও সড়কটি সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
অটোরিকশাচালক আবু তাহের (৩২) বলেন, ‘ওই সড়কের ইছামতী এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রী কমে গেছে। ফলে অটোরিকশা ও রিকশাচালকদের আয় আগের তুলনায় অনেক কম হচ্ছে।’
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল ও ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে সড়কটিতে ইট বিছিয়ে সংস্কারকাজ করা হয়েছিল। চলতি বছর জুন মাসে সৃষ্ট প্রথম দফা বন্যার সময় সড়কটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। পরে আগস্ট মাসের বন্যার সময় ইছামতী এলাকায় সড়ক ভেঙে নদে বিলীন হয়। এ প্রসঙ্গে পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ছরওয়ার কামাল বলেন, সড়কটি ধসে পড়ার পরই পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন জানান, নদের পাড়ে স্পার (বড় পাথর) না বসিয়ে সড়কটি মেরামত করলেও টেকসই হবে না। তাই পানি উন্নয়ন বোর্ড স্পার বসানোর ব্যবস্থা করলে আমরা দ্রুত সড়কটি মেরামত করতে পারব।
জানতে চাইলে পাউবোর পটিয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ডলু নদের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন এলাকায় স্পার বসানোর জন্য একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া গেলে ভাঙন এলাকায় কাজ শুরু করা হবে।