প্রথম আলো: বহদ্দারহাটের তিন দিকের সড়কের বেহাল অবস্থার কারণে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ চরমে। এই অবস্থা থেকে উত্তরণের কোনো চিন্তাভাবনা আছে আপনাদের?নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী: সেখানে এখন উড়ালসড়কের কাজ চলছে। আর বহদ্দারহাট টার্মিনাল থেকে কালুরঘাট সড়কের দুই পাশে চলছে নর্দমা তৈরির কাজ। এর মধ্যে আমরা রাস্তা মেরামতের উদ্যোগও নিয়েছি। কিন্তু বর্ষার কারণে মেরামতের কাজ করা সম্ভব হচ্ছে না। শুষ্ক মৌসুম তথা সেপ্টেম্বরে আমরা সড়ক উন্নয়নের কাজ শুরু করব। কাজ শুরু হলে বেশি দিন লাগবে না। প্রথম আলো: বহদ্দারহাট টার্মিনাল থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত সড়কের মেরামতকাজ হচ্ছে না কেন?নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী: আমাদের চেয়ারম্যানের (সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম) কাছ থেকে শুনেছি ওই অংশের সড়ক মেরামত করার দায়িত্ব সিটি করপোরেশনের। সিটি করপোরেশন কেন মেরামত করছে না সেটা তো আমি জানি না। প্রথম আলো: উড়ালসড়ক নির্মাণ করার কারণে বহদ্দারহাট এলাকার বাসিন্দাদের নাগরিক ভোগান্তি বেড়েছে। আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্পটি শেষ করতে পারবেন?নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী: কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব। তত দিন পর্যন্ত নগরবাসীকে একটু কষ্ট সহ্য করতে হবে।