সড়ক যখন মরণফাঁদ!
‘সড়ক আর কত ভাঙলে মেরামতের উদ্যোগ নেওয়া হবে আমাদের জানা নেই। হয়তো একেবারে বিলীন হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। না হলে চার বছর ধরে এ অবস্থা চললেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি কেন?’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন পেকুয়ার উজানটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহিম (৪২)।কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় লোকজনের দাবি, গত চার বছরে সড়কের বেহাল অবস্থার কারণে মৃত্যু হয়েছে অন্তত ১০ জন রোগীর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ১৯৯৭ সালে কাটাফাঁড়ি বেইলি সেতু থেকে উজানটিয়া স্টিমার ঘাট পর্যন্ত নয় কিলোমিটার সড়কে ইট বিছানো হয়। এর পর থেকে আর সংস্কারকাজ করা হয়নি। ২০০৮ সাল থেকে সড়কের অবস্থা বেশি খারাপ হয়। বর্তমানে সড়কটি দিয়ে উজানটিয়া ইউনিয়নের ২০ হাজার, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ২০ হাজার ও কুতুবদিয়ার দক্ষিণ অংশের ১০ হাজার মানুষ বিভিন্ন জেলা ও উপজেলা শহরে যাতায়াত করে। স্থানীয় লোকজন জানান, ভাঙাচোরা সড়কের কারণে জিপ (চাঁদের গাড়ি) ও মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না। তাও প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। উজানটিয়ার নতুনপাড়ার বাসিন্দা মীর মো. নাছির উদ্দিন বলেন, গত চার বছরে এ সড়কের ওপর দিয়ে হাসপাতালে নেওয়ার পথে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। সড়কটি নিচু হওয়ায় প্রতি বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায়। তখন চলতে হয় পানি ভেঙে। আর শুষ্ক মৌসুমে ভাঙা সড়কে প্রাণ যায়।এলজিইডি সূত্র জানায়, পেকুয়ার চর কারিতাস সাইক্লোন শেল্টার থেকে মধ্যম উজানটিয়া রাস্তার মাথা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পিচ ঢালাইয়ের কাজের জন্য ২০১১-১২ অর্থবছরে ৭৮ লাখ পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স কনস্ট্রাকশন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝিয়ে না দিয়ে পালিয়ে যায়। পরে গত ফেব্রুয়ারি মাসে সড়কটির কার্যাদেশ বাতিল করা হয়। এ ছাড়া চলতি অর্থবছরে উজানটিয়া রাস্তার মাথা থেকে সাড়ে পাঁচ কিলোমিটার কাজের জন্য ৯২ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। কাজ শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে। উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী জানান, কাটাফাঁড়ি বেইলি সেতু থেকে উজানটিয়া স্টিমার ঘাট পর্যন্ত রাস্তাটির পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে। কাটাফাঁড়ি বেইলি সেতু থেকে চার কিলোমিটার সড়কের কাজ করতে চারবার কার্যাদেশ বাতিল করা হয়েছে। সংস্কার না হওয়ায় স্টিমার ঘাট থেকে মধ্যম উজানটিয়া রাস্তার মাথা পর্যন্ত চার কিলোমিটার সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। এ ছাড়া সোনালী বাজার থেকে উজানটিয়া সাইক্লোন শেল্টার পর্যন্ত তিন কিলোমিটার ও উজানটিয়া ছাবের আহমদ ভায়া করিয়ারদিয়া সেতু পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কও ভাঙাচোরা।উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারু কুমার পাল বলেন, গত ফেব্রুয়ারি মাসে উজানটিয়া সড়কের দুই কিলোমিটার অংশের কার্যাদেশ বাতিল করা হয়েছে। এখন ওই দুই কিলোমিটারে আবার কাজ শুরুর জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। অনুমতি পেলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে। বরাদ্দ পাওয়া সাড়ে পাঁচ কিলোমিটারের কাজও শুরু হবে শিগগির।