বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত চট্টগ্রাম শহরের প্রধান সড়কে ১ জানুয়ারি থেকে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল মহানগর পুলিশ। কিন্তু একমাস পার হলেও এ ব্যাপারে কোনো উদ্যোগই নিতে পারেনি প্রশাসন। এ কাজের যিনি ছিলেন প্রধান উদ্যোক্তা, সেই নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ ইতিমধ্যে জাতিসংঘ মিশনে বদলি হয়ে গেছেন। নগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার এ কে এম এমরান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘১ জানুয়ারি থেকে নগরের প্রধান গুরুত্বপূর্ণ (ভিআইপি) সড়কের বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যতদূর জানি রিকশা বন্ধের কাজটি বাস্তবায়ন করবে সিটি করপোরেশন। পুলিশ তাদের সহযোগিতা করবে।’ তিনি প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধের যৌক্তিকতা তুলে ধরে বলেন, এ সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলো সবসময় রিকশার কারণে অচল হয়ে থাকে। তা ছাড়া যানজটের মূল কারণও রিকশা। মহানগর পুলিশ সূত্রে জানা যায়, রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহানগর পুলিশ আইনে কোনো সুনির্দিষ্ট ধারা নেই। কারণ রিকশায় মোটর নেই। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বড়জোর রিকশার হাওয়া ছেড়ে দিতে পারে। ইতিপূর্বে রিকশা নিয়ন্ত্রণের জন্য পুলিশের হাতে লাঠি ছিল। গত তিন মাস ধরে তাদের সে লাঠিও প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, ট্রাফিক পুলিশের হাতে লাঠি না থাকায় এখন গাড়িচালকেরা আর তাদের মানতে চান না। ফলে পুলিশ বাধ্য হয়ে এসব চালকের বিরুদ্ধে মামলা করছে। কিন্তু রিকশার বিরুদ্ধে মামলা করারও কোনো সুযোগ নেই। এমনকি ধরে নিয়ে আসার ব্যবস্থাও নেই। তবে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বর থেকে আমরা ওয়ার্ডভিত্তিক রিকশা জরিপ কাজ শুরু করেছি। এটা এখনো শেষ হয়নি। জরিপ শেষ হলেই নতুন রিকশার অনুমোদনের কাজ শুরু হবে। তবে পুলিশ যদি যানজট নিরসনে রিকশার ওপর কোনো ব্যবস্থা নেয় সিটি করপোরেশন তাদের সহায়তা করবে। এদিকে, ১ জানুয়ারি থেকে নগরের বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলতে দেওয়া হবে না—প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর হাজারখানেক রিকশাচালক ওই সড়কে রিকশা মিছিল করে। আওয়ামী লীগ ও বিএনপির কিছু শ্রমিক নেতা এ সময় তাদের পক্ষ নিয়ে সড়কে অবস্থান নেন। তারা ১ জানুয়ারি থেকে প্রধান সড়কে রিকশা চলাচল করতে না দিলে ২ জানুয়ারি চট্টগ্রামে হরতাল কর্মসূচিও ঘোষণা করে। তবে প্রশাসন শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি। জানা যায়, বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচল বন্ধের লক্ষ্যে পুলিশ ডিসেম্বর মাসে রিকশার মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। তাতে রিকশা মালিক ও শ্রমিকেরা পর্যায়ক্রমে রিকশা কমানোর প্রস্তাব দেন। কিন্তু পুলিশ তাদের এ ধরনের প্রস্তাব গ্রহণ করেনি। পুলিশ কর্মকর্তারা শেষ পর্যন্ত বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত একযোগে রিকশা চলাচল বন্ধের পক্ষেই তাদের মতামত জানিয়ে দেন। সিটি করপোরেশন সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম শহরে বৈধ রিকশার সংখ্যা ৩৫ হাজার একটি। সিটি করপোরেশন নতুন করে আরও ৩৫ হাজার রিকশার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বর্তমানে শহরে দুই লাখের বেশি রিকশা রয়েছে বলে প্রাথমিক জরিপে জানা গেছে।